টিআইবির আয়ের উৎস নিয়ে তদন্তের দাবি চিফ হুইপের
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আয়ের উৎস নিয়ে তদন্তের দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। তিনি বলেছেন, টিআইবি বিদেশি প্রভুদের সুতার টানে নাচে।
গত রোববার টিআইবি প্রকাশিত ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় গতকাল সোমবার সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, ‘টিআইবির আয়ের উৎস কী, সেটা মানুষ জানতে চায়। কোত্থেকে তাদের টাকা আসে, সেটা তদন্ত হওয়া উচিত। দুজন বিদেশিকে হত্যা, তাজিয়া মিছিলে বোমা হামলা ও একজনের মৃত্যুর সঙ্গে আন্তর্জাতিক মহল ও তাদের এ দেশীয় দোসররা জড়িত। আন্তর্জাতিক মহল বলতে বোঝাচ্ছি, যারা স্বাধীনতাযুদ্ধের সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশের বিরোধিতা করে যাচ্ছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য তারা এসব করে যাচ্ছে। ঠিক সেই সময়ে টিআইবি সংসদ সম্পর্কে যে মন্তব্য করেছে, তা উদ্দেশ্যমূলক।’
সংসদ অকার্যকর নয় দাবি করে চিফ হুইপ বলেন, সংসদ ভালোভাবে চলছে। চেয়ার-টেবিল ভাঙাভাঙি নেই, গালিগালাজ নেই। দেশেরও উন্নয়ন হচ্ছে। তবে সংসদে সাংসদদের উপস্থিতি কম থাকাসহ টিআইবির কিছু কিছু পর্যবেক্ষণ তাঁরাও উপলব্ধি করেন। তাঁরা চেষ্টা করবেন, ভবিষ্যতে যাতে সাংসদেরা নিয়মিত সংসদে থাকেন।
চিফ হুইপ বলেন, টিআইবি বলেছে, জাতীয় সংসদ নিয়ম রক্ষার সংসদ। সংসদ পুতুলনাচের নাট্যশালায় পরিণত হয়েছে। এই মন্তব্যের মাধ্যমে টিআইবি সংবিধান ও সংসদকে অবজ্ঞা করেছে। বিএনপি সংসদের বাইরে বসে গাড়ি পোড়াবে, মানুষ পুড়িয়ে মারবে, বিদেশিদের হত্যা করবে, মৌলবাদের দোসর হিসেবে কাজ করবে—এসব বিষয়ে টিআইবি নীরব কেন? এতে মনে হয় তারা একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছে। অসংসদীয় আচরণ ও ভাষার ব্যবহার বন্ধে স্পিকার শক্তিশালী ভূমিকা পালন করেননি—টিআইবির এই মন্তব্য সঠিক নয় বলে দাবি করে তিনি বলেন, কেউ অসংসদীয় ভাষা প্রয়োগ করলে স্পিকার তা সঙ্গে সঙ্গে এক্সপাঞ্জ করে দেন।
চিফ হুইপ বলেন, সংসদীয় কমিটিতে কিছু কিছু সদস্যের অন্তর্ভুক্তি তাঁদের ব্যবসায়িক স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক বলে টিআইবি উল্লেখ করেছে। কিন্তু এ বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই। যেসব সদস্যের বিরুদ্ধে অভিযোগ ছিল তাঁদের ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। টিআইবির কাছে যদি কারও সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য থাকে তবে তাঁদের জানালে তাঁরা তাঁকে সরিয়ে দেবেন।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, আইন প্রণয়ন বিষয়ে সাংসদদের যোগ্যতা নেই অথবা যোগ্যতা থাকলেও আগ্রহ নেই। এ বিষয়ে আ স ম ফিরোজ বলেন, কমিটিতে সরকারি ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করে বিল চূড়ান্ত করেন। প্রয়োজনে বিশেষজ্ঞদের ডাকা হয়। যে কারণে বিল পাসের জন্য সংসদে উত্থাপনের পর সরকারি দলের সদস্যদের কিছু করণীয় থাকে না। তবে বিরোধী দলের সদস্যদের অবশ্যই করণীয় আছে।
হুইপ ইকবালুর রহিম বলেন, কীভাবে আইন প্রণয়ন হবে, সেটা তাঁদের টিআইবির কাছ থেকে শিখতে হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হুইপ আতিউর রহমান, মাহবুব আরা বেগম ও সাংসদ ইমরান আহমেদ।