বিচার বিভাগের দুর্নীতি নিয়ে জরিপ
টিআইবির কর্মকর্তাদের চট্টগ্রামের আদালতে হাজিরা থেকে অব্যাহতি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও জ্যেষ্ঠ ফেলো মো. ওয়াহিদ আলমকে চট্টগ্রামের আদালতে স্বশরীরে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছেন। স্থানীয় দুই আইনজীবীর করা মানহানির মামলায় টিআইবির এই ঊর্ধ্বতন তিন কর্মকর্তা গতকাল বুধবার চট্টগ্রামের আদালতে হাজির হন।আদালত সূত্র জানায়, গতকাল আসামিদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গনি ও বিচারিক হাকিম ইব্রাহিম মিয়ার আদালতে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। বাদী সময় চাওয়ায় উভয় আদালত আগামী ২৮ জুন অভিযোগ গঠনের দিন ধার্য করেন। আসামিরা স্বশরীরে আদালতে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি চেয়ে ২০৫ ধারায় আলাদা আবেদন করেন। বিচার বিভাগে অনিয়ম নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করে টিআইবি। ওই জরিপের ভিত্তিতে বিভিন্ন পত্রিকায় গত বছর ২৪ ডিসেম্বর প্রতিবেদন প্রকাশিত হয়। এর দুই দিন পর ২৬ ডিসেম্বর চট্টগ্রামের আদালতে মামলা করেন স্থানীয় দুই আইনজীবী। প্রথম দফায় গত ৩০ জানুয়ারি তাঁরা চট্টগ্রামের আদালতে হাজির হয়ে জামিন নেন।