বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কাছে তাদের প্রকাশিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনিয়ম সম্পর্কিত একটি প্রতিবেদনের ব্যাপারে সুস্পষ্ট তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির যেসব কর্মকর্তা-কর্মী টিআইবিকে তথ্য দিয়ে প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন, তাঁদের নাম, পদবি ও তালিকাসহ মোট চারটি বিষয় তিন দিনের মধ্যে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।
চিঠির কপি আজ সোমবার মন্ত্রণালয় থেকে ই-মেইলে গণমাধ্যমে পাঠানো হয়েছে।
এ বিষয়ে টিআইবির সঙ্গে যোগাযোগ করার পর তাদের পক্ষ থেকে বলা হয়েছে, চিঠিটি তারা এখনো পাননি। চিঠিটি তাদের হাতে পৌঁছানোর আগেই গণমাধ্যমে যাওয়ার বিষয়টিকে ‘মজার বিষয়’ বলে আখ্যায়িত করেছে টিআইবি।
সম্প্রতি টিআইবি ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় প্রতিবেদন তলব করার পর টিআইবি তা মন্ত্রণালয়ে পাঠায়। আজ সোমবার প্রতিবেদনে উল্লিখিত কিছু তথ্য সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়।
চিঠিতে টিআইবিকে তথ্য প্রদানকারী শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির তথ্যদাতার নাম, পদবি ও তালিকাসহ মোট চারটি বিষয় সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়কে তিন দিনের মধ্যে জানাতে বলা হয়।
চিঠিতে বলা হয়েছে, ‘এই রিপোর্টে বেসরকারি বিশ্ববিদ্যালয়সংক্রান্ত দুর্নীতি তুলে ধরায় এ বিষয়ে মন্ত্রণালয় সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণে আগ্রহী। যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সুনির্দিষ্ট তথ্য প্রয়োজন। সে আলোকে প্রতিবেদনে উল্লেখিত নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট তথ্যাদি আগামী ১৭ জুলাই ২০১৪ তারিখের মধ্যে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
গবেষণা চালানো ২২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা, তথ্য প্রদানকারী শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির তথ্যদাতার নাম, পদবি ও তালিকা, ঢাকায় অবস্থিত ৯৪টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা, বিভিন্ন ধরনের অর্থ লেনদেনে জড়িত ব্যক্তিদের পরিচিতি ও তথ্যদাতার নাম ও ঠিকানা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, টিআইবি ৭ জুলাই তাদের প্রতিবেদনটি সচিবালয়ের গেটে রেখে যায়। প্রতিবেদনটি পরে মন্ত্রণালয় হাতে পেয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য চাওয়ার চিঠি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘চিঠিটি এখনো আমাদের কাছে আসেনি। আমাদের কাছে আসার আগেই গণমাধ্যমের কাছে সেটি পাঠানো হয়েছে। এটা মজার বিষয়।’ তবে তাদের এই প্রতিবেদনটিকে মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে বলে টিআইবি উত্সাহ বোধ করছে।
ইফতেখারুজ্জামান বলেন, ‘এই চিঠির ব্যাপারে সরকার যে সক্রিয়তা দেখাচ্ছে; সব কাজে এমনটি হলে বাংলাদেশে সুশাসনের ভবিষ্যত্ উজ্জ্বল।’
তথ্যদাতার নাম-পরিচয় দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, ‘আমাদের নিয়ম এবং সামর্থ্য অনুযায়ী সব তথ্য মন্ত্রণালয়ে দিয়ে দেব।’