টিআইবির কাছে ব্যাখ্যা চান প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কোন কোন জায়গায় কীভাবে দুর্নীতি হয়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কাছে তার ব্যাখ্যা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দুর্নীতির কথা শুধু মুখে না বলে প্রমাণসহ ব্যাখ্যা দিতে হবে।

আজ শুক্রবার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে টিআইবির প্রতিবেদন বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন ও মালয়েশিয়া সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
টিআইবিকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কোন কোন জায়গায় দুর্নীতি, ব্যাখ্যা দিয়ে বলুক। মুখে বললে তো হবে না।’
সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচক–বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতিতে বাংলাদেশ ১৬তম অবস্থান থেকে এগিয়ে ১৪তম স্থানে এসেছে। অর্থাৎ প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে আগের চেয়ে দুর্নীতি বেড়েছে।

দুর্নীতির বীজ বপন করেছে জিয়া
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এত দুর্নীতি হলে ব্যাংকে রিজার্ভ কীভাবে বাড়ল, মাথাপিছু আয় ১২০০ ডলার কীভাবে হলো? দুর্নীতির বীজ বপন করেছে জিয়াউর রহমান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। দুর্নীতির বিরুদ্ধে কথা সবাই বলে, এটাও ঠিক। কিন্তু এই টিআইবির মুখে কখনো যারা সত্যিকার দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তাদের বিরুদ্ধে কি একটা কথাও শুনেছেন? তারা বলেছে? কই বলেনি তো কখনো বলেনি। তারা কি কারণে সময় সময় সরব হয় এটা নিয়ে একটা প্রশ্ন আছে। তাদের উদ্দেশেটা কি সেটাও একটা বিষয়।’ তিনি বলেন, ‘বাংলাদেশে ৭৫–এ জাতির পিতাকে হত্যার পর মিলিটারি ডিকটেটররা ক্ষমতায় এসেছে। পৃথিবীর কোনো দেশ নেই যেখানে মিলিটারি ডিকটেটররা ক্ষমতায় ছিল আর সেখানে দুর্নীতি বাসা বাঁধে নাই। মিলিটারি ডিকটেটররা ক্ষমতায় আসার পর তারা নিজেরাই দুর্নীতির সুযোগ করে দিয়ে দল গঠন করে এবং দুর্নীতিকে তারা প্রাতিষ্ঠানিক করে দিয়ে গেছে, এটা থেকে বের হয়ে আসা কঠিন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিয়েও দুর্নীতির কথা বলা হয়েছে। বিশ্বব্যাংক দুর্নীতি খুঁজলো, কই কোনো দুর্নীতি খুঁজে পায়নি।’

টিআইবির উদ্দেশে শেখ হাসিনা বলেন, দেশে অনেকে অনেক টাকার মালিক হয়েছেন। কেউ কি একবার খোঁজ নিয়েছেন তাঁরা কীভাবে এত টাকার মালিক হলেন? টিভি, বিমা, ব্যাংকের মালিক হয়েছেন? কীভাবে এত টাকা উপার্জন করেছেন, খোঁজ নিয়েছেন? তাঁরা টাকা দিয়ে ইজ্জত কিনে নিয়েছেন। টিআইবি কি কখনও এগুলো নিয়ে কথা বলেছে?

লন্ডনে বিলাস জীবনের টাকা কোথা থেকে আসছে
খালেদা জিয়ার বিরুদ্ধে চলা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা আর তারেক রহমানের নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, ট্রাস্টের টাকা মেরে খাওয়া এবং লন্ডনে বিলাস জীবন যাপনের এত টাকা কোথা থেকে আসছে, তা নিয়ে টক শোতে কোথায় টুঁ শব্দও তো হয় না। টিআইবি এগুলো নিয়ে একটু কথা বলুক না।

বড় দেশ ছোট-খাটো দু-একটা দুর্নীতি হতে পারে
বিনে পয়সায় বই এবং ওষুধ দেওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এত বড় একটা দেশ ছোট-খাটো দু-একটা দুর্নীতির ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, কেউ কোথাও ট্রাকের চালকের কাছ থেকে ১০ টাকা নিলেই শুরু হয়ে গেল দুর্নীতি। পৃথিবীর কোথায় দুর্নীতি হয় না? সরকার যদি দুর্নীতি করত তাহলে বিশ্বমন্দার সময়েও প্রবৃদ্ধি ৬ শতাংশ হতো না।’ টিআইবির প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘যাঁরা দুর্নীতি নিয়ে এত কথা বলছেন, তাঁদের ব্যাপারেও খোঁজ নেওয়া হবে।’ এ ছাড়াও টিআইবির প্রতিবেদন নিয়ে দেখা হবে বলেও জানান তিনি।