টিআইবির কাছে ৩১টি প্রশ্ন রেখে জবাব চেয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদদের কর্মকাণ্ড নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) করা প্রতিবেদন নিয়ে কঠোর অবস্থান নিতে চায় সরকার। এ জন্য টিআইবির কাছ থেকে ওই প্রতিবেদন পাওয়ার পর তথ্য মন্ত্রণালয় প্রতিবেদনের শিরোনামসহ বেশ কিছু প্রশ্নের জবাব চেয়ে আবারও টিআইবিকে চিঠি দিয়েছে। চিঠির জবাব পাওয়ার পর সংবাদ সম্মেলন করে সরকারের অবস্থান জানানো হতে পারে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের সূত্রগুলো। অন্যদিকে টিআইবিও তথ্য মন্ত্রণালয়ের চিঠির জবাব তৈরি করছে। শিগগিরই তারা মন্ত্রণালয়ে জবাব পাঠাবে বলে জানা গেছে। আনুষ্ঠানিকভাবে সরকারের অবস্থান জানানো হবে কি না জানতে চাইলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমরা যেসব প্রশ্নের জবাব চেয়েছি, তা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ টিআইবি গত ১৪ অক্টোবর সাংসদদের কর্মকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, জাতীয় সংসদের ১৪৯ জন সাংসদের ৯৭ শতাংশ নেতিবাচক কাজের সঙ্গে জড়িত। এই সাংসদেরা নিজের পদকে টাকা আয়ের উৎস হিসেবে ব্যবহার করেন। প্রতিবেদনে এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর সরকারের শীর্ষ মহল থেকে শুরু করে বিভিন্ন পর্যায় থেকে এর সমালোচনা করা হচ্ছে। এরপর টিআইবির কাছে প্রতিবেদনের অনুলিপি চেয়ে চিঠি পাঠায় তথ্য মন্ত্রণালয়। এরপর প্রতিবেদনের অনুলিপি পাঠায় টিআইবি।প্রতিবেদন পাওয়ার পর সম্প্রতি আরেকটি চিঠি পাঠানো হয় টিআইবির কাছে। এতে ৩১টি প্রশ্ন রেখে তার জবাব চাওয়া হয়। প্রথমেই বলা হয়, গবেষণার শিরোনাম ‘নবম জাতীয় সংসদ সদস্যদের ভূমিকা পর্যালোচনা’ না হয়ে ‘নবম জাতীয় সংসদ সদস্যদের ইতিবাচক ও নেতিবাচক ভূমিকা পর্যালোচনা’ কেন হলো?—এটা গবেষণার ক্ষেত্রে অনুসৃত নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক কি না। দ্বিতীয় প্রশ্নে বলা হয়, প্রতিবেদনটি মূলত পর্যালোচনা। এটিকে গবেষণা হিসেবে উপস্থাপনের কারণ কী। দশম প্রশ্নে বলা হয়, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দেশের জনসংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১৫ জন (বিবিএস:২০১২)। এই বিপুল জনগোষ্ঠীর মধ্যে মাত্র ৬০০ জনকে নমুনা হিসেবে বিবেচনা করার বৈজ্ঞানিক বা নৈতিক ভিত্তি কী। টিআইবির পরিচালক (যোগাযোগ) রিজওয়ান-উল-আলম চিঠি পাওয়ার কথা জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘আমরা এই চিঠিকে স্বাগত জানাই। একই সঙ্গে চিঠির যথাযথ উত্তর তৈরি করা হচ্ছে। শিগগিরই তা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।’