টিআইবির গবেষণা প্রতিবেদন সম্পর্কে মন্ত্রণালয়ের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘রামপাল ও মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প: ভূমি অধিগ্রহণ ও পরিবেশগত প্রভাব সমীক্ষায় সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন সম্পর্কে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় একটি বক্তব্য দিয়েছে। ১৬ এপ্রিল ওই প্রতিবেদন প্রকাশিত হয়।
গত শুক্রবার মন্ত্রণালয়ের দেওয়া বক্তব্যে বলা হয়, প্রতিবেদনে প্রকৃত তথ্যাদির প্রতিফলন ঘটেনি। দেশে গ্যাসের মজুত কমছে। বিদ্যুৎ উৎপাদন বাড়ছে। আরও বাড়াতে হবে। বিদ্যুতের দামও কম রাখতে হবে। সরকার তাই অন্যান্য দেশের মতো বড় বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। আমদানিনির্ভর কয়লাভিত্তিক এসব প্রকল্পের স্থান নির্ধারণে কয়লা পরিবহন, সবচেয়ে কম পুনর্বাসন ও পরিবেশগত বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
যথাযথভাবে সম্ভাব্যতা যাচাই, স্থানীয় পর্যায়ে স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা, মতবিনিময়, গণশুনানি প্রভৃতি করে উপকূলবর্তী বাগেরহাট জেলার রামপাল এবং কক্সবাজার জেলার মাতারবাড়ী নির্ধারণ করা হয়েছে। রামপাল প্রকল্প এলাকাটি সুন্দরবনের বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষিত এলাকা থেকে ৭২ কিলোমিটার এবং সুন্দরবনের প্রান্তসীমা থেকে ১৪ কিলোমিটার দূরে। পরিবেশগত প্রভাব নিরূপণে (ইআইএ) পরিচালিত পূর্ণাঙ্গ সমীক্ষার ভিত্তিতেই মাটি ভরাটসহ প্রাথমিক কাজ শুরু করা হয়।
ইআইএর যে বিষয়গুলো সম্পর্কে পরিবেশ অধিদপ্তর আপত্তি দিয়েছে, সেগুলো নিরসন করেই প্রকল্প বাস্তবায়ন করা হবে। রামপাল প্রকল্পের জন্য মাত্র ১৫০ পরিবারকে পুনর্বাসন করতে হয়েছে। সেখানকার অধিকাংশই অকৃষি জমি। বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় পানি পশুর নদ থেকে রিসাইকেল পদ্ধতিতে ব্যবহার করা হবে, যা ওই নদীর গড় প্রবাহের ০.০৬%। পরিবেশ অধিদপ্তরের বিধিবদ্ধ তাপমাত্রা সীমার মধ্যেই পানি পুনরায় নদীতে ছাড়া হবে। বিদ্যুৎকেন্দ্রটিকে অত্যাধুনিক ‘স্টেট অব দ্য আর্থ’ পদ্ধতি অনুসরণ করে বাস্তবায়ন করা হবে।
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র করা হচ্ছে জাইকার ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স তহবিলের সহায়তায়। সেখানে বিদ্যুৎকেন্দ্র, বন্দর, কয়লার টার্মিনাল পর্যন্ত চ্যানেল খনন ইত্যাদি অবকাঠামো নির্মাণের জন্য জাপান সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি হয়েছে। মাতারবাড়ীতে মাত্র ১৬টি পরিবারকে পুনর্বাসিত করতে হয়েছে। কারণ বেশির ভাগই অকৃষি জমি। প্রকল্পটির ইআইএ সম্পাদনের জন্য জাইকা আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে টোকিও ইলেকট্রনিক সার্ভিসেস কোম্পানি লিমিটেডকে নির্বাচন করেছে। প্রকল্পের জমি সরকারের ভূমি অধিগ্রহণ নীতিমালা অনুযায়ী অধিগ্রহণ করা হয়েছে এবং জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিপূরণ প্রদান সম্পন্ন করা হয়েছে। এ ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার কোনো ভূমিকা নেই।
মন্ত্রণালয় বলেছে, সরকার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ২০২১ সালের মধ্যে সবার জন্য সহনীয় দামে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়ন করছে। টিআইবি ভবিষ্যতে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাক্রমে তথ্যাদি যাচাই-বাছাই করে কোনো প্রতিবেদন প্রণয়ন করবে বলে সরকার আশা করে।