
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) সাম্প্রতিক দুর্নীতিবিষয়ক বৈশ্বিক জরিপকে বাংলাদেশে বিরাজনীতিকরণের চেষ্টা বলে সন্দেহ পোষণ করেছেন বিবিসি বাংলাদেশ সংলাপের কয়েকজন আলোচক। তবে এ সন্দেহকে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। গতকাল শনিবার বাংলা একাডেমী মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপের ৩৫তম পর্ব অনুষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করে টিআই-এর প্রতিবেদন কোনো বিশেষ উদ্দেশ্যে টিআইবি কি বাংলাদেশে অন্যভাবে পরিবেশন করেছে—সংলাপে এ প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, ২০০৭ সালে ১/১১ সরকার আসার আগে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, আগামী নির্বাচনের আগে টিআইবির এ ধরনের প্রতিবেদন প্রকাশের সঙ্গে সেই পরিস্থিতির মিল পাওয়া যায়। ১/১১-এর সেনা সমর্থিত সরকার আসার আগে গণমাধ্যমগুলো বারবার প্রচার করেছিল যে রাজনীতিবিদেরা দুর্নীতিপরায়ণ। এ জন্য তৃতীয় শক্তির উত্থান ঘটাতে হবে। ওই ঘটনার ধারাবাহিকতায় এবারও সরকার টিআই-এর প্রতিবেদনের প্রতিবাদ করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এর আগে কোনো বছরই টিআইবির প্রতিবেদনে রাজনৈতিক দলের বিষয়টি আনা হয়নি। এ বছর যেহেতু নির্বাচনের বছর, আর এবারই প্রথমবারের মতো রাজনৈতিক দলের বিষয়টি প্রতিবেদনে আনা হয়েছে, এ জন্য এটা নিয়ে সন্দেহ আছে।উবিনিগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার বলেন, ‘আমার কাছে মনে হয়, টিআইবির প্রতিবেদনে একটু বিরাজনীতিকরণের প্রচেষ্টা আছে। প্রতিবেদন প্রকাশের সময়টা উদ্দেশ্যপূর্ণ বলেই মনে হয়।’টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এর আগেও রাজনৈতিক দলের বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১০ সালের জরিপে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজনৈতিক দল চতুর্থ অবস্থানে ছিল। প্রতিবেদন প্রকাশের সময় কাকতালীয় হতে পারে। তবে বিশ্বের ১০৮টি দেশে একসঙ্গে জরিপ চালানো হয়েছে। শুধু বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে জরিপ চালানো হয়নি বলেও জানান তিনি।
কোটা পদ্ধতি সংস্কার হওয়া উচিত: সংলাপে সব আলোচক বিসিএসসহ সব ধরনের সরকারি চাকরির পরীক্ষায় কোটা পদ্ধতি সংস্কার করার পক্ষে মত দিয়েছেন। আবদুর রাজ্জাক বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রাখা হয়েছে। রাজনৈতিক উদ্দেশে কোটা ব্যবহারের কোনো কারণ নেই। সার্বিকভাবে কোটা পদ্ধতি পর্যালোচনা ও পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমানে জেলা কোটা রাখার যুক্তি নেই। নারীর অবস্থাও আর আগের মতো নেই, তাঁরা সব কাজে-কর্মে পুরুষের সমকক্ষ হয়ে উঠেছেন। তাঁদের জন্য বিশেষ কোটা রাখা কতখানি যুক্তিযুক্ত, তা বিবেচনা করতে হবে। স্বাধীনতার ৪২ বছর পর মুক্তিযোদ্ধাদের আর কত সন্তান সরকারি চাকরির জন্য উপযুক্ত আছেন, সেটাও মাথায় রাখতে হবে।
ইফতেখারুজ্জামান বলেন, কোটা ব্যবস্থার অবশ্যই দরকার আছে, তবে দেখতে হবে তা যেন অসাংবিধানিক ও বৈষম্যমূলক না হয়। মেধা যেন কোনোভাবেই অবমূল্যায়িত না হয়। বর্তমানে বিসিএসে ৫৫ শতাংশ কোটার যে পদ্ধতি রয়েছে, তা যৌক্তিক নয়। ফরিদা আখতার বলেন, অনগ্রসর ও পশ্চাৎপদ জনগোষ্ঠী, নারী ও আদিবাসীদের জন্য কোটা রাখার দরকার আছে। তবে কোটা ব্যবস্থা সংস্কার করতে হবে। সংলাপ অনুষ্ঠানটি প্রযোজনা করেন ওয়ালিউর রহমান। উপস্থাপনা করেন আকবর হোসেন।