টিআইবির তিন কর্মকর্তার অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানির আরেকটি মামলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের তিন শীর্ষস্থানীয় কর্মকর্তা অব্যাহতি পেয়েছেন। তাঁরা হলেন টিআইবির তৎকালীন চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও সিনিয়র রিচার্স ফেলো এম ওয়াহিদ আলম। গতকাল মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানির পর চট্টগ্রামের বিচারিক হাকিম ফরিদা ইয়াসমিন অব্যাহতির এ আদেশ দেন।বিচারিক হাকিম মামলাটি খারিজ করে আদেশে বলেন, ‘জনমত জরিপে জনমতের জন্য জরিপকারী প্রতিষ্ঠান বা এর কর্তাব্যক্তিরা দায়ী নন। এগুলো তো কর্মকর্তাদের নিজস্ব মতামত নয়, জনগণই এসব মতামত দিয়েছে। তাই যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তা আদালতের কাছে সঠিক বলে প্রতীয়মান হচ্ছে না।’টিআইবির কৌঁসুলি সালাহউদ্দিন হায়দার সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘টিআইবি একটি জনমত জরিপের ফলাফল প্রকাশ করেছে। এতে জরিপকারী প্রতিষ্ঠান তথা টিআইবির কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের কোনো উপাদান ছিল না। তাই আদালত মামলাটি খারিজ করে দেন।’প্রসঙ্গত, জনমত জরিপের ভিত্তিতে বিচার বিভাগকে শীর্ষ দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করে ২০১০ সালের ডিসেম্বরে একটি প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। এর জের ধরে টিআইবির তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি করেন চট্টগ্রামের আইনজীবী মো. মুজিবুল হক।