ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নিবন্ধন বাতিলের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা জানান।
এর আগে গত মঙ্গলবার সংসদ ভবনে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির বৈঠকে বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) বিল ২০১৫ নিয়ে আলোচনা হয়। গতকাল বুধবার ওই আলোচনার বিষয়বস্তু মূল কমিটিতে উপস্থাপনের পর এ সম্পর্কে ব্রিফিং করেন সুরঞ্জিত সেনগুপ্ত।
সুরঞ্জিত বলেন, এনজিওগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে। কাকের কাজ কাককে করতে হবে, কাক ময়ূর সেজে কাজ করলে হবে না। এনজিও হয়ে টিআইবি সংসদকে হেয় করে তেমন কাজ করেছে। তাই সংসদকে রক্ষা করতে হবে। কমিটি সংস্থাটির নিবন্ধন বাতিলের জন্য এনজিও ব্যুরোকে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান সুরঞ্জিত।
এ প্রসঙ্গে জানতে চাইলে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, আনুষ্ঠানিকভাবে গতকাল পর্যন্ত কিছু জানেন না বলে এ বিষয়ে মতামত দিতে চান না। তবে বিষয়টি নিয়ে যা হচ্ছে, তাতে তাঁরা হতবাক ও বিস্মিত।
ব্রিফিংয়ে সুরঞ্জিত জানান, টিআইবির গবেষণা প্রতিবেদন নিয়ে সংসদের কোনো আপত্তি নেই। তাঁর মতে, সংসদের সমালোচনা হতেই পারে। এ জন্য জনগণ, গণমাধ্যম, বিরোধী দল, এমনকি সংসদের বাইরে থাকা বিএনপিও আছে। কিন্তু এনজিও তা করতে পারে না। তারা সংসদকে পুতুলনাচের নাট্যশালা ও বিরোধী দলকে বি টিম বলে সংসদকে হেয় করেছে বলে মত দেন তিনি।
কমিটির সভাপতি বলেন, টিআইবি বিবৃতি দিয়ে বলছে ভুল বোঝাবুঝি হয়েছে। আরেক দিন বলবে আদালত নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছে। এটা হতে পারে না। সমালোচনার পর এ ধরনের বিবৃতি স্পর্ধার শামিল। এ জন্য ক্ষমা না চাওয়ায় তাদের নিবন্ধন বাতিলের সুপারিশ করা হয়েছে।
এনজিওগুলোর বারবার সংসদ, উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে হেয় করার প্রবণতা রোধ করার ওপর গুরুত্ব আরোপ করে সুরঞ্জিত বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানকে হেয় করলে এনজিওর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার বিষয়ে কমিটি সুপারিশ করেনি। বিদ্যমান আইন অনুযায়ী নিবন্ধন বাতিল করার বিষয়টি সুপারিশে রাখা হচ্ছে।
গত ২৫ অক্টোবর টিআইবি ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন প্রকাশ করে এবং ওই অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মন্তব্য করেন যে জাতীয় সংসদ পুতুলনাচের নাট্যশালায় পরিণত হয়েছে। তিনি বলেন, ‘সার্বিকভাবে সংসদের কার্যক্রমে আমরা হতাশ। সংসদে সরকারি ও বিরোধী দলের উপস্থিতি গ্রহণযোগ্য নয়। সংসদীয় আচরণ থেকে ব্যাপক বিচ্যুতি ঘটেছে। একটি দল বা জোট যাদের সংসদে উপস্থিত নেই, তাদের নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।’
টিআইবির এসব বক্তব্য সংবিধান পরিপন্থী উল্লেখ করে সরকার ও বিরোধী দলের সাংসদেরা ওই সংস্থাটিকে সংসদে তলব (সমন) করার দাবি জানান। তখন ইফতেখারুজ্জামান বিবৃতি দিয়ে বলেন, সংসদের যেকোনো উদ্যোগকে সহায়তা করতে টিআইবি প্রস্তুত আছে। সংসদে ওই আলোচনার কয়েক দিনের মাথায় মঙ্গলবার সংসদীয় উপকমিটি বৈদেশিক অনুদান বিল ২০১৫ নিয়ে আলোচনা করে এবং এর ধারাবাহিকতায় বুধবার মূল কমিটি টিআইবির নিবন্ধন বাতিলের সুপারিশ করে।