টিআইবির নির্বাহী পরিচালক জিপিএসএ পুরস্কার পেয়েছেন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিশ্বব্যাংকের গ্লোবাল পার্টনারশিপ ফর সোশ্যাল অ্যাকাউন্টিবিলিটি (জিপিএসএ) পুরস্কার পেয়েছেন। বাংলাদেশে স্বচ্ছতা ও সুশাসনের জনদাবি সৃষ্টিতে অবদান রাখার জন্য তিনি এ পুরস্কার পান।
গতকাল বুধবার টিআইবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুরস্কারের আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়, বাংলাদেশে প্রতিবাদের পরিসর সংকুচিত হওয়া সত্ত্বেও ইফতেখারুজ্জামান স্বচ্ছতা ও সুশাসনের জন্য জনমত গঠনে কান্ডারির ভূমিকা পালন করেছেন। তাঁর দক্ষ নেতৃত্বের ফলে টিআইবি দেশে দুর্নীতিবিরোধী প্রাতিষ্ঠানিক, আইনি এবং নীতি কাঠামোতে অনেক সফল উদ্যোগ বাস্তবায়িত করেছে। বিশেষত দুর্নীতিবিরোধী আন্দোলনে সারা দেশে সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ গঠন ছিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ইফতেখারুজ্জামান বলেন, ‘দুর্নীতি এবং সুশাসনের ঘাটতির বিরুদ্ধে কাজ করা সহজ ব্যাপার নয়। আমাদের অভিজ্ঞতা থেকে জেনেছি দুর্নীতিবিরোধী মনোভাব পোষণ এবং আমরা যা বলি তা অনুশীলনে সত্যিকারের দৃঢ়তা প্রদর্শনের মাধ্যমেই যেকোনো চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তরিত করা যায়।’ তিনি বাংলাদেশে দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রসারে সমর্থন প্রদানের জন্য টিআইবির ট্রাস্টি বোর্ড, সহকর্মী এবং উন্নয়ন-সহযোগীদের ধন্যবাদ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।