টিআইবির প্রতিবেদন অসত্য, বলল শিক্ষা মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) করা প্রতিবেদনটিকে অসত্য বলে দাবি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই ঢালাওভাবে বিশ্ববিদ্যালয়ের অনুমোদনসহ উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগে যে আর্থিক লেনদেনের কথা উল্লেখ করা হয়েছে তা অসত্য।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুপারিশের আলোকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। আর অন্যান্য প্রশাসনিক ও একাডেমিক বিষয়গুলো ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব পরিচালনা বোর্ড সম্পন্ন করে, যেখানে শিক্ষা মন্ত্রণালয় সরাসরি সম্পৃক্ত নয়।
এতে আরও বলা হয়, টিআইবি এই নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কোনো পর্যায়ে কোনো আলোচনা করেছে বলে মন্ত্রণালয়ের জানা নেই।
গত সোমবার প্রকাশিত টিআইবির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন থেকে শুরু করে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার সময় পর্যন্ত আর্থিক লেনদেন হয়। টিআইবি জানায়, এই লেনদেনের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের একাংশ জড়িত।