ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, সংসদের কার্যক্রমবিষয়ক টিআইবির প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলাই এখতিয়ারবহির্ভূত। সংসদের অনুমিত নিয়েই এই প্রতিবেদন তৈরির কাজ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার টিআইবি পরিচালিত ‘নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। রাজধানীর মহাখালীতে একটি হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংসদের কার্যক্রম নিয়ে গত মঙ্গলবার পার্লামেন্ট ওয়াচ নামে টিআইবি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। পরদিন জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় টিআইবির বক্তব্যকে এখতিয়ারবহির্ভূত ও সীমা লঙ্ঘন বলে মন্তব্য করা হয়।
গতকাল সাংবাদিকেরা এ বিষয়ে জানতে চাইলে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সরকারের অনুমতি নিয়েই পার্লামেন্ট ওয়াচ নামের একটি প্রকল্পের আওতায় টিআইবি সংসদ নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে। এই প্রকল্পের অনুমোদন, অর্থছাড় থেকে শুরু করে সব কাজেই সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর অনুমতি নেওয়া হয়। ফলে এই গবেষণা নিয়ে চ্যালেঞ্জ করাই এখতিয়ারবহির্ভূত কাজ।
ইফতেখারুজ্জামান বলেন, যাঁরা টিআইবির প্রতিবেদন নিয়ে এসব প্রশ্ন তোলেন, তাঁদের অবস্থানের পেছনে যুক্তি নেই, তবে উদ্দেশ্য থাকতে পারে। তিনি বলেন, টিআইবির কাজের প্রধান ক্ষেত্র দুর্নীতি। এই দুর্নীতি মোকাবিলার ক্ষেত্রে সংসদ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ফলে টিআইবি সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে, ভবিষ্যতেও করবে। টিআইবি কোনো রাজনৈতিক দলে যোগ দেবে কি না, জানতে চাইলে তিনি বলেন, টিআইবি একটি দলনিরপেক্ষ প্রতিষ্ঠান। বর্তমান বা ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইচ্ছা বা সুযোগ টিআইবির নেই।
সংবাদ সম্মেলনে ‘নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের সারাংশ উপস্থাপন করেন টিআইবির গবেষণা ও পলিসি বিভাগের কর্মসূচি ব্যবস্থাপক শাহনুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল, উপনির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের এবং গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক রফিকুল হাসান।
সুলতানা কামাল বলেন, ‘আমরা দেখেছি, প্রাণের গুঁড়া মসলাসহ বিভিন্ন পণ্যে ভেজাল পাওয়া গেছে। বিডি ফুডসের খাবারের প্যাকেটে হেরোইন পাচারের মতো ঘটনা ধরা পড়েছে। অথচ এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গণমাধ্যম, সরকার থেকে শুরু করে ভোক্তা—সব পর্যায়ে যথেষ্ট পরিমাণে প্রতিক্রিয়া নেই। তারা আগের মতোই পণ্য বিক্রি করছে।’
গবেষণা প্রতিবেদনে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট উদাহরণ দিয়ে বলা হয়, রেস্তোরাঁ বা বেকারি ও খুচরা বিক্রেতা পরিদর্শনের সময় ঘুষের লেনদেন হয়। স্যানিটারি পরিদর্শক ও মাঠ কর্মকর্তারা ক্ষেত্রভেদে ৫০০ থেকে ১০ হাজার টাকা ঘুষ নিয়ে থাকেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকা সিটি করপোরেশনের কিছুসংখ্যক স্যানিটারি পরিদর্শক নিজ উদ্যোগে সোর্স নিয়োগ করেন। তাঁরা সোর্সদের বেতন ও অন্যান্য খরচও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে আদায় করেন। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষাগারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাঁরা যোগসাজশ করে সনদ নেয়। আমদানি করা খাদ্যের সনদ পাওয়া যায় ঘুষের মাধ্যমে।
নিরাপদ খাদ্য আইন-২০১৩ পাস হলেও গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আজও তা কার্যকর করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বর্তমানে দেশের ৩১৯টি পৌরসভা ও ১১টি সিটি করপোরেশনে ৩৭০টি স্যানিটারি ইন্সপেক্টরের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৭৮ জন।