টিআইবির প্রতিবেদন পর্যালোচনা করবে কমিশন: সিইসি
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা বলেন।
টিআইবির গবেষণা প্রতিবেদন সম্পর্কে সিইসি বলেন, সিটি নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন কমিশনের কাছে পৌঁছেছে। নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর ব্যয়ের হিসাব কমিশনের কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। ইতিমধ্যে ব্যয়ের হিসাব জমা দিতে প্রার্থীদের কাছে চিঠি দেওয়া হয়েছে। সেই হিসাব পাওয়ার পর কমিশন টিআইবির প্রতিবেদন পর্যালোচনা করে দেখবে।
সিইসি আরও বলেন, প্রার্থীদের ব্যয়ের হিসাব নিরূপণ করা দুরূহ কাজ। একেকজনের হিসাব একেক ধরনের।
টিআইবির গবেষণা প্রতিবেদনে এই তিন সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হয়নি বলে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, অধিকাংশ প্রার্থী নির্বাচন কমিশনের অনুমোদিত ব্যয়ের চেয়ে বেশি অর্থ খরচ করেছেন। ১৮ মে টিআইবি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করে।