টিআইবির প্রতিবেদন পোশাক শিল্পের ক্ষতি করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্প নিয়ে করা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। বিজিএমইএ বলেছে, ওই প্রতিবেদনের ফলে পোশাকশিল্পের ব্যবসায় ক্ষতি হবে।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, প্রতিবেদনটি ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, সত্যের অপলাপ ও দুরভিসন্ধিমূলক।
লিখিত বক্তব্যে সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা এই প্রতিবেদনটিকে তীব্রভাবে প্রত্যাখ্যান করছি। টিআইবিকে গবেষণার পদ্ধতি আরও ভালোভাবে জানতে হবে। কারণ, ৭৪ জনের মন্তব্য নিয়ে লাখ লাখ শ্রমিক, উদ্যোক্তা ও ক্রেতার এই শিল্পকে নিয়ে ঢালাও মন্তব্য করা কখনোই এই শিল্পের জন্য সহায়ক নয়। টিআইবি ৭৪ জনের সঙ্গে কথা বলেছে, কিন্তু আমাদের সঙ্গে কথা বলেনি।’
টিআইবি গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পোশাকশিল্প নিয়ে এক গবেষণা প্রতিবেদন তুলে ধরে। তাতে বলা হয়, তৈরি পোশাক খাতে ১৬ ধরনের দুর্নীতি ও অনিয়ম হয়। কার্যাদেশ পাওয়া থেকে শুরু করে উৎপাদন ও সরবরাহ পর্যায় পর্যন্ত এ দুর্নীতি আর অনিয়ম হয়। এর সঙ্গে জড়িত থাকেন কারখানার মালিক, মার্চেন্ডাইজার ও বিদেশি ক্রেতারা। পণ্যের মান, পরিমাণ ও কমপ্লায়েন্সের ঘাটতি ঘুষের মাধ্যমে ধামাচাপা দেওয়া হয়। এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় গতকাল বিজিএমইএর পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে বিজিএমইএর সভাপতি বলেন, ২০১৩ সালে তাজরীন ফ্যাশনস ও রানা প্লাজা দুর্ঘটনা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ভাবমূর্তি সংকটে পড়েছিল পোশাকশিল্প। চলতি বছরের প্রথম ছয় মাসে এ শিল্প লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রপ্তানি করেছে। এ সময় এ ধরনের প্রতিবেদন আশা করা যায় না। এটি এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করি যে বিজিএমইএ কর্তৃপক্ষ পুরো প্রতিবেদনটি না পড়েই মন্তব্য করেছে। এভাবে ঢালাওভাবে মন্তব্য করা উচিত না।’ তিনি বলেন, পোশাকশিল্পের মঙ্গল চেয়েই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
গতকাল টিআইবির প্রতিবেদনের উল্লেখ করে সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা নাকি নিম্নমানের পণ্য কেনার জন্য ঘুষ দিচ্ছি। যেখানে আমরা অ্যাকর্ড ও অ্যালায়েন্স নিয়ে কাজ করছি, সেখানে ঘুষ দিয়ে ক্রেতাকে ম্যানেজ করছি, এটা কতটা যুক্তিযুক্ত?’ সাংবাদিকদের তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে এই গবেষণার কপি তারা (টিআইবি) বিজিএমইএকে দেয়নি। তাঁরা গণমাধ্যম থেকে জানতে পেরেছেন।
টিআইবির বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে বিজিএমইএর সভাপতি বলেন, ‘আমরা এ ব্যাপারে এখনো চিন্তা করিনি। নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’