টিআইবির প্রতিবেদন বিভ্রান্তিকর: আইনমন্ত্রী
বিচার বিভাগে দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) জরিপ প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর’ ও ‘দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর’ বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘প্রতিবেদনটি বিভ্রান্তিতে পরিপূর্ণ। এতে দেশের গণতান্ত্রিকব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে।’টিআইবির জরিপ পরিচালনার মতো অবকাঠামো নেই মন্তব্য করে শফিক আহমেদ বলেন, ‘জরিপ হতে হবে বস্তুনিষ্ঠ এবং সঠিক তথ্যের ভিত্তিতে।’ তবে আইনমন্ত্রী স্বীকার করেন, বিচার বিভাগে ‘কিছু লোক’ আছে, যাঁরা অসহায় মানুষকে কুপরামর্শ দিয়ে অর্থ হাতিয়ে নেন। তিনি মন্তব্য করেন, এমন গুটিকয়েক মানুষের দোষ পুরো বিচার বিভাগের ওপর চাপানো হলে তাতে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিফলন ঘটে না।এ ছাড়া যুদ্ধাপরাধীদের বিচার আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু হবে বলে আবারও উল্লেখ করেন আইনমন্ত্রী। বিচার আন্তর্জাতিক মানের হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিচার-প্রক্রিয়া দেখার জন্য বিদেশি পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে। আদালতের ভেতরে বসেই তাঁরা যাতে সবকিছু পর্যবেক্ষণ করতে পারেন, সে ব্যবস্থা আমরা করব।’ডিআরইউর সভাপতি মোশতাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) আব্দুল মান্নান ও ডিআরইউ সাধারণ সম্পাদক জামালউদ্দীনও বক্তব্য দেন। এদিকে টিআইবির প্রতিবেদন সম্পর্কে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, প্রতিবেদনে বিচার বিভাগ ও পুলিশ নিয়ে ‘ঢালাওভাবে’ যে মন্তব্য করা হয়েছে, তা ঠিক হয়নি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ‘দেশে দুর্নীতির বিস্তার ঘটেছে এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র ১৬ হাজার মানুষের মত নিলে তাতে সঠিক বিষয়টি নাও উঠে আসতে পারে।’আইনজীবীদের প্রতিবাদসুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) আওয়ামী লীগপন্থী নেতারা টিআইবির প্রতিবেদনে বিচার বিভাগ সম্পর্কিত পর্যবেক্ষণের তীব্র সমালোচনা করেছেন। গতকাল শনিবার বার হলরুমে এক সংবাদ সম্মেলনে তারা এ প্রতিবেদনকে একটি অশুভ কৌশলের অংশ এবং বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ বলে আখ্যায়িত করেন। অন্যান্যের মধ্যে সংগঠনের সহসভাপতি এ কে এম ফজলুল হক খান ফরিদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন এ সময় উপস্থিত ছিলেন।