টিআইবির প্রতিবেদন ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করলেন শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতি নিয়ে করা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনকে ভিত্তিহীন উল্লেখ করে তা প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা মন্ত্রণালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও উপাচার্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রী।

সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে সভার আলোচনার বিষয় তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমরা সভায় একমত হয়েছি, এটি (টিআইবির প্রতিবেদন) নিন্দনীয়, গ্রহণযোগ্য নয়। এটি প্রত্যাহার করতে হবে।’ মন্ত্রী বলেন, ‘টিআইবির প্রতিবেদনে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো জানার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর কাছে তথ্য চাওয়া হয়েছিল। কিন্তু ৭৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র একটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একজন কর্মকর্তা সম্পর্কে অভিযোগ দিয়েছে। আর কোনো অভিযোগ আসেনি। সুতরাং আমরা মনে করছি, প্রতিবেদনটি সঠিক নয়।’

৩০ জুন টিআইবি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো স্থাপন থেকে শুরু করে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া পর্যন্ত পদে পদে অবৈধ আর্থিক লেনদেন হয়। শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্বপ্রাপ্তদের একাংশ এই লেনদেনের সঙ্গে জড়িত।