টিআইবির প্রতিবেদন সংসদকে হেয় করার জন্য: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, ৯৭ শতাংশ সাংসদ নেতিবাচক কাজের সঙ্গে জড়িত বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে প্রতিবেদন দিয়েছে, তা সংসদ ও সাংসদদের হেয় করার জন্য দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সংসদ ভবন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে স্পিকার সাংবাদিকদের এ কথা বলেন। আবদুল হামিদ বলেন, দেশে ১৬ কোটি মানুষ, ৬৪টি জেলা। টিআইবি ৪২ জেলা এবং মাত্র ৬০০ লোকের মতামত নিয়ে জরিপ করেছে। কোনো মানদণ্ডেই এটিকে জরিপ বলা যায় না। অথচ এদের কথার ওপর ভিত্তি করেই টিআইবি বলে দিল ৯৭ শতাংশ সাংসদ খারাপ। এটা কি ঠিক হলো? তিনি আরও বলেন, অবশ্যই সংসদ ও সাংসদদের হেয় করার জন্য টিআইবি এই প্রতিবেদন তৈরি করেছে।টিআইবির প্রতিবেদনকে উদ্দেশ্যমূলক মন্তব্য করে স্পিকার বলেন, ‘আমার প্রশ্ন হলো, টিআইবি যে ৬০০ লোকের মতামত গ্রহণ করেছে, তাঁরা কারা? এরা কি টিআইবির লোক? তা-ই যদি হয়, তা হলে তো জরিপ বিজ্ঞানসম্মত হলো না। এই ধরনের প্রতিবেদন দেখে সাংসদ হিসেবে আমিও অপমানিত বোধ করছি।’