টিআইবির প্রতিবেদনকে আমলে নেবে না সরকার: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদদের কর্মকাণ্ড নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) করা প্রতিবেদনকে আমলে নেবে না সরকার। এ প্রতিবেদনের ভিত্তিতে কোনো সাংসদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হবে না। কারণ, প্রতিবেদনটি সঠিক নয় বলে মনে করছে সরকার। গতকাল রোববার তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলন করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সরকারের এই অবস্থান তুলে ধরেন। গতকাল আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, ‘টিআইবির এ প্রতিবেদনটি অসম্পূর্ণ, বস্তুনিষ্ঠও নয়। এমন কোনো তথ্য-উপাত্ত তাতে নেই, যার ভিত্তিতে সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। প্রতিবেদনটি আমাদের হতাশ করেছে। এর ওপর ভিত্তি করে কোনো প্রকার প্রশাসনিক পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।’মন্ত্রী বলেন, প্রতিবেদনটি বিস্তারিত পরীক্ষা ও পর্যালোচনা করে দেখা যায়, সামাজিক গবেষণায় অনুসৃত পদ্ধতি বর্ণিত এ গবেষণায় যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তিনি বলেন, টিআইয়ের বাংলাদেশ চ্যাপ্টার ভবিষ্যতে যেন মানসম্মত গবেষণা পদ্ধতি অনুসরণ করে বস্তুনিষ্ঠ ও সুনির্দিষ্ট প্রতিবেদন প্রকাশ করে, তার জন্য টিআইয়ের সদর দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হবে। সরকারের বক্তব্য সম্পর্কে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রতিবেদনকে যে গুরুত্ব দেওয়া হয়েছে, প্রথমে তাকে স্বাগত জানাই। তবে তথ্যমন্ত্রীর বক্তব্যের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই, জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা পদ্ধতি অনুসরণ করে তথ্য-উপাত্তের উৎকর্ষ যাচাইয়ের চেষ্টা করা হয়েছে। আর যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তাতে বস্তুনিষ্ঠতার ঘাটতি ছিল বলে মনে হয় না।’টিআইবি গত ১৪ অক্টোবর একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, জাতীয় সংসদের ১৪৯ জন সাংসদের ৯৭ শতাংশ নেতিবাচক কাজের সঙ্গে জড়িত। প্রতিবেদনটি প্রকাশের পর সরকারের শীর্ষ মহল থেকে শুরু করে বিভিন্ন পর্যায় থেকে এর সমালোচনা করা হচ্ছে। গতকালের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রেস ইনস্টিটিউট-বাংলাদেশের মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস প্রমুখ।