বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতি
টিআইবির প্রতিবেদনের আবারও সমালোচনা করলেন শিক্ষামন্ত্রী
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) করা প্রতিবেদনের আবারও সমালোচনা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী গতকাল মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, টিআইবি তাদের গবেষণার প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে অসত্য ও ভুল তথ্য দিয়ে শুরু করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ও ঢাকায় অবস্থিত সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা সঠিক দেয়নি। এ ছাড়া প্রতিবেদনটির বিভিন্ন ‘দুর্বল’ দিকও তুলে ধরেন তিনি।
সংবাদ ব্রিফিংয়ে দেওয়া লিখিত বক্তব্যে বলা হয়, নতুন বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তা প্রক্রিয়ার কাজ করে।
গত সোমবার টিআইবির কাছে ওই প্রতিবেদনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির তথ্যদাতাসহ চার বিষয়ে সুস্পষ্ট তথ্য চেয়েছে মন্ত্রণালয়। ১৭ জুলাইয়ের মধ্যে তা মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে। গত ৩০ জুন টিআইবি ওই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন থেকে শুরু করে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া পর্যন্ত অর্থের লেনদেন হয়।