টিআইবির বক্তব্য আংশিক পক্ষপাতদুষ্ট: জাপা
জাতীয় পার্টি সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বক্তব্যর প্রতিবাদ জানিয়েছে বিরোধীদলীয় নেতার কার্যালয়।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ আজ মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে টিআইবির বক্তব্যকে ‘আংশিক পক্ষপাতদুষ্ট’ বলে মন্তব্য করা হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক সংবাদ সম্মেলনে ‘পার্লামেন্ট ওয়াচ’ নামে জাতীয় সংসদের ওপর একটি প্রতিবেদেন প্রকাশ করে। তাতে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন সংসদের বিরোধী দল জাতীয় পার্টি সম্পর্কে মন্তব্য করা হয়, ‘দশম জাতীয় সংসদে বাস্তবিক অর্থে বিরোধী দল নেই বলা যায় এবং জাতীয় পার্টি বিরোধী দল হলে সরকারের সঙ্গে আছে কীভাবে?’
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘বর্তমান জাতীয় সংসদে বাস্তব অর্থে কোনো বিরোধী দল নেই। যে বিরোধী দল আছে, তা কেবলই আক্ষরিক।’
প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব বলেন, টিআইবির প্রতিবেদন দেখে মনে হয়, তারা একটি পক্ষ দ্বারা প্রভাবিত। টিআইবির কাছে তা প্রত্যাশিত নয়।
গোলাম মসীহ বলেন, ‘জাতীয় পার্টি সরকারে এবং বিরোধী দলে থাকবে, এটি একটি নতুন কনসেপ্ট এবং তা অনেক দেশে আছে। এ ক্ষেত্রে আমরা সরকারের ভালো কাজকে সমর্থন দিব, অন্যায় কাজের প্রতিবাদ জানাব। নবম সংসদের বিরোধী দল সংসদের ইতিহাসে রেকর্ড সংখ্যক দিন অনুপস্থিত ছিল, তা আমরা চাই না।’
বিবৃতিতে দাবি করা হয়, জাতীয় পার্টি সংসদে থেকে সংসদকে কার্যকর করতে এবং জনগণের স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে।
জানতে চাইলে গোলাম মসীহ রাতে প্রথম আলোকে বলেন, বিরোধীদলীয় নেতা এ বিষয়ে কোনো বক্তব্য দেবেন না। তাঁর সম্মতিক্রমে তিনি এ বক্তব্য দিয়েছেন।