টিআইবির বক্তব্য ঠিক নয়: শ্রম প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ তহবিলের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বক্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।

শ্রম বিধিমালা নিয়ে আজ বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বৈঠকে উপস্থিত ছিলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রানা প্লাজা বলে আলাদা কোনো তহবিল নেই। বরং যেকোনো দুর্ঘটনা বা দুর্যোগের পর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ জমা পড়ে। সেখান থেকে বিভিন্ন সময়ে সাহায্য করা হয়। ওই তহবিল থেকে রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের ২৯ কোটি ৫০ লাখ টাকা দেওয়া হয়েছে। আর রানা প্লাজায় ক্ষতিগ্রস্তরা এ পর্যন্ত সরকারি-বেসরকারি বিভিন্ন উৎস থেকে মোট ১৮৫ কোটি টাকা সাহায্য পেয়েছেন। রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের মধ্যে কেউ সাহায্য পাননি, এমন একজনকেও কেউ দেখাতে পারলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি জানান।

এর আগে শ্রমবিধিমালা নিয়ে সারা দিন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক চলে। প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বলেন, শ্রম আইনকে কার্যকর করতে বিধিমালা করা হচ্ছে। সবার সঙ্গে আলোচনা করেই এই বিধিমালা হবে। এরই অংশ হিসেবে শ্রমিক নেতাদের সঙ্গে আন্তরিক পরিবেশে বৈঠক হলো। এরপর মালিকপক্ষের সঙ্গে বৈঠক হবে। সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য বিধিমালা হবে যাতে শ্রমিকের অধিকার সংরক্ষিত হয়। এমন একটি বিধিমালা করতে হবে যেন সারা পৃথিবী এর প্রশংসা করে। তিনি বলেন, ‘সব শ্রমিকের অধিকার যেমন রক্ষা করতে হবে, তেমনি নারী শ্রমিকদের অধিকারের বিষয়ে বিশেষ নজর দিতে হবে। কারণ, পোশাক খাতকে তারাই এগিয়ে নিয়ে যাচ্ছে।’