টিআইবির বক্তব্য পক্ষপাতমূলক: আইনমন্ত্রী
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘পার্লামেন্ট ওয়াচ’ নামের প্রতিবেদনকে পক্ষপাতমূলক এবং দুর্নীতিবিরোধী এই প্রতিষ্ঠানের কাছ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ মঙ্গলবার সচিবালয়ে টিআইবির প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন আইনমন্ত্রী। এর আগে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মেরিট লুন্ডেমো মন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আজ টিআইবির ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদনে বলা হয়েছে, নবম সংসদে কোরাম সংকটের কারণে মোট ২২২ ঘণ্টা ৩৬ মিনিট সময় নষ্ট হয়েছে। এর অর্থমূল্য প্রায় ১০৪ কোটি টাকা। এর মধ্যে বিরোধী দলের সাংসদদের সংসদ বর্জনের অর্থমূল্য প্রায় চার কোটি টাকা। আজ ঢাকার সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করে সংস্থাটি। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘বর্তমান জাতীয় সংসদে বাস্তব অর্থে কোনো বিরোধী দল নেই। যে বিরোধী দল আছে, তা কেবলই আক্ষরিক।’
টিআইবির প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ২০১৪ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের মতোই ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচন হয়েছে। ২০০৮ সালের নির্বাচনে গঠিত জাতীয় সংসদে বিরোধী দল ৭০ দিনের জন্য সংসদে এসেছে। কাজেই, টিআইবি রিপোর্টের এ বক্তব্য পক্ষপাতমূলক। টিআইবির কাছ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি।