দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. সাহাবুদ্দিন বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিদেশ থেকে আনা টাকা গবেষণায় কতটা ব্যয় করছে, তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে। সময় হলে এ বিষয়ে টিআইবির মুখোশ উন্মোচন করা হবে।
গতকাল বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে দুদক আয়োজিত শ্রেষ্ঠ মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমিশনার এ কথা বলেন।
টিআইবির উদ্দেশে সাহাবুদ্দিন বলেন, ‘আপনারা কতটা স্বচ্ছ। বিদেশি টাকায় যে কাজ করছেন, তা কতটুকু গবেষণার কাজে লাগানো হচ্ছে।’ সম্প্রতি টিআইবির প্রতিবেদনে দুদকের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘গঠনমূলক সমালোচনা গ্রহণ করা হবে। উদ্দেশ্যমূলক সমালোচনা গ্রহণ করা হবে না। সময় আসলে আপনাদের (টিআইবি) মুখোশ উন্মোচন করতে আমরাও দ্বিধান্বিত হব না।’
দুদকের কমিশনারের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, টিআইবি স্বচ্ছতার সঙ্গে বিদেশি টাকা ব্যয় করছে। এ বিষয়ে সরকারকেও অবহিত করা হয়। এখানে গোপনীয়তার কোনো সুযোগ নেই।
অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, দুদক সমালোচনা হৃদয়ে ধারণ করে নিজেদের নিয়মিত পরিশুদ্ধ করার চেষ্টা করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ ও চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ।