সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সংগৃহীত অর্থ অব্যবহৃত রাখা প্রসঙ্গে টিআইবির প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। খবর ইউএনবির।
গত মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ওই প্রতিবেদনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সংগৃহীত অর্থ সম্পর্কে বলা হয়েছিল, ‘...প্রধানমন্ত্রীর তহবিলে সংগৃহীত অর্থের পরিমাণ প্রায় ১৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২৭ কোটি টাকা), যার মধ্যে অব্যবহৃত প্রায় ১৪ মিলিয়ন মার্কিন ডলার (১০৮ কোটি টাকা)।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-৪ কবির বিন আনওয়ার গতকাল বৃহস্পতিবার এ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই প্রতিবেদন নাকচ করে দেন। সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার এবং বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনও বক্তব্য দেন।
কবির বিন আনওয়ার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে রানা প্লাজার নামে কোনো তহবিল নেই। প্রধানমন্ত্রীর দুটি তহবিল আছে। একটি ত্রাণ ও কল্যাণ তহবিল এবং অন্যটি প্রধানমন্ত্রীর স্বেচ্ছা তহবিল। প্রথমটি থেকে সারা বছর দুর্গত লোকজনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। দাতা ব্যক্তি ও সংগঠন এ তহবিলে বিশেষত সিডর, আইলা ও বন্যার মতো দুর্যোগে দান করে থাকে। তহবিলটির জন্য সরকারি বরাদ্দ নেই। অন্যদিকে প্রধানমন্ত্রীর স্বেচ্ছা তহবিলের জন্য আর্থিক বরাদ্দ রয়েছে। এ তহবিল থেকে অনুদানও দেওয়া হয়ে থাকে। তহবিলগুলো থেকে খরচ করার ক্ষেত্রে আর্থিক নিয়ম অনুসরণ এবং নিয়মিতভাবে নিরীক্ষা করা হয়।
প্রসঙ্গত, এই সংবাদ সম্মেলনের আগে প্রধানমন্ত্রীর প্রেস উইং এক ব্যাখ্যায় বলেছিল, রানা প্লাজা নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাদা কোনো তহবিল নেই এবং টিআইবির প্রতিবেদনে তহবিলে অব্যবহৃত অর্থ রয়েছে বলে যা জানানো হয়, তা সত্য নয়।
পরে গত বুধবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এটা সত্য যে রানা প্লাজা নামে প্রধানমন্ত্রীর কোনো বিশেষ ত্রাণ তহবিল নেই। টিআইবির প্রতিবেদনেও এরূপ কোনো কথা বলা হয়নি। টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে, রানা প্লাজা দুর্ঘটনা-পরবর্তী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১২৭ কোটি টাকা সংগৃহীত হলেও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ব্যয় হয়েছে মাত্র ১৯ কোটি টাকা। প্রকৃত অর্থে ১২৭ কোটি টাকাই ক্ষতিগ্রস্তদের প্রাপ্য। যার তথ্যসূত্র জাতীয় সংসদে দেওয়া কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্য।