টিআইবির বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অতিথি ও বিচারকদের সঙ্গে বিতার্কিকেরা। ছবি: টিআইবি
জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অতিথি ও বিচারকদের সঙ্গে বিতার্কিকেরা। ছবি: টিআইবি

বিতার্কিকদের যুক্তি-তর্কের প্রাণবন্ত উপস্থাপনা ও দুর্নীতিবিরোধী সংকল্পের মাধ্যমে গত রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়েছে।

‘জলবায়ু অর্থায়নে সুশাসন: চাই তথ্যের উন্মুক্ততা ও নাগরিক অংশগ্রহণ’ শিরোনামে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিষয় ছিল ‘বাংলাদেশে টেকসই উন্নয়নে জলবায়ু তহবিলের কার্যকর ব্যবহারে দুর্নীতিই প্রধান বাধা’। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক দল। রানার আপ হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) বিতর্ক দল।

টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এ. টি. এম. শামসুল হুদা, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

সাবেক সিইসি শামসুল হুদা বলেন, ‘জলবায়ু প্রকল্প সমূহসহ সকল প্রকল্পে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে তথ্যের অবাধ প্রবেশাধিকার ও উন্মুক্ততা এবং নাগরিক অংশগ্রহণ অতীব গুরুত্বপূর্ণ।’ তিনি ভবিষ্যতে এ খাতে সুশাসন আনয়নে ও দেশে বাসযোগ্য সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

ইফতেখারুজ্জামান জলবায়ু অর্থায়ন সংশ্লিষ্ট প্রকল্পসমূহে সুশাসন নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। একই সঙ্গে বাংলাদেশের তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক।

জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৪-২৬ ফেব্রুয়ারি পর্যন্ত টিআইবি আয়োজিত তিন দিনব্যাপী সংসদীয় ধারার এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় বেসরকারি টিভি চ্যানেল আই কার্যালয়ে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের বিতার্কিক মো. কামরুল হাসান। চূড়ান্ত প্রতিযোগিতায় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

প্রতিযোগিতায় সারা দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় থেকে ৩২টি বিতর্ক সংগঠনের ৯৬ জন তরুণ তার্কিক অংশগ্রহণ করেন। চ্যানেল আইয়ের স্টুডিওতে ধারণকৃত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি আজ সোমবার সন্ধ্যায় প্রচারিত হয়।