টিআইসিতে জমজমাট আবৃত্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ জানুয়ারি বিকেল পাঁচটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে স্বদেশ আবৃত্তি সংগঠনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় আবৃত্তি উৎসবের। শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করার পর টিআইসি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন শিক্ষাবিদ আনোয়ারা আলম।
উদ্বোধন অনুষ্ঠানে আনোয়ারা আলম বলেন, অসাম্প্রদায়িক, শ্রেণিবৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে আবৃত্তিশিল্পীরা অগ্রণী ভূমিকা পালন করছেন। আবৃত্তিশিল্পীরা দেশের যেকোনো সংকটে রাজপথে সব সময় সরব ছিলেন। তিনি আরও বলেন, শুদ্ধ উচ্চারণ করে শুধু কবিতা আবৃত্তি করলেই হবে না, কবিতার ভেতরেও প্রবেশ করতে হবে।
সংগঠনের উপদেষ্টা স্বদেশ চক্রবর্তীর সভাপতিত্বে ও রিপন দাশের সঞ্চালনায় আসরে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর নাজমুল হক, হাসান মুরাদ, চেম্বার অব কমার্সের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি অঞ্চল চৌধুরী, প্রকৌশলী দিপঙ্কর দাশ, সুদীপ বসাক ও সাখাওয়াত হোসেন। আয়োজনে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া।
উদ্বোধনী পর্ব শেষে আবৃত্তি করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য সমরজিৎ দাশ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজী মাহাতাব। এরপর একে একে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, ফারুক তাহের, মছরুর হোসেন, দেবাশীষ রুদ্র, দিলরুবা খানম, মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ সেলিম ভূঁইয়া, শুভাশীষ শুভ, লিসা দাশ, খোদেজা আক্তার, ফারজানা সুলতানা ও সুমনা চাকমা। এ ছাড়া একক ও সমবেত আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করেন শ্রীষ্টা চাকমা, প্রযুক্তা চাকমা, পয়মনন্তী চাকমা, তাথৈ চাকমা, চৈয়তী চাকমা, তানজিনা মিষ্টি, প্রিয়ন্তী চাকমা, শীলা চাকমা প্রমুখ।