তির্যক নাট্যদলের তিন দিনব্যাপী আয়োজন ‘নাট্য ভাষা বাংলা আমার’ শীর্ষক অনুষ্ঠানমালা ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ÿথিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে থাকবে নাট্য–বিষয়ক প্রদর্শনী, বিষয়ভিত্তিক আলোচনা, সম্মাননা প্রদান, আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠান। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকবে নাটক বুড়ো সালিকের ঘাড়ে রোঁ–এর প্রদর্শনী।
উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি নাটকটির ১০০তম মঞ্চায়ন হবে। আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ১৯৯১ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম মুসলিম হলে। নাটকে অভিনয়ে ও নেপথ্যে রয়েছেন রমিজ আহমেদ, সুজিত চক্রবর্তী, মাহাববুল ইসলাম, রিপন বড়ুয়া, শায়লা শারমিন, অমিত চক্রবর্তী, জুয়েল চাকমা, এ কে এম ইসমাইল, লাবণী বিশ্বাস, মফিজুর রহমান, কাবেরী গুহ, জয়া বড়ুয়া, মানিক মিয়া ও মোহাম্মদ জসিমউদ্দিন। বিজ্ঞপ্তি।