টিআইসির মঞ্চে 'ঈর্ষা'
‘প্রেমিকের হূদয় যদি পোড়ে তো একমাত্র ঈর্ষার আগুনেই পোড়ে, ঈর্ষায় যে পোড়েনি, প্রেম সে হূদয়ে ধরেনি, ঈর্ষা এক ঠান্ডা নীল আগুন।’ জীবনের সঙ্গে জীবনের, জীবনের সঙ্গে শিল্পের, শিল্পীর সঙ্গে শিল্পীর, প্রেমের সঙ্গে প্রেমিক-প্রেমিকার দ্বন্দ্বই উঠে আসে নাটকের চরিত্রে। গত শুক্রবার টিআইসি (থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম) মিলনায়তনে মঞ্চস্থ হয় ঢাকার প্রাঙ্গণেমোর নাট্যদলের কাব্যনাটক ঈর্ষা।
নাটকটির নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। ব্যতিক্রমধর্মী এ নাটকে চরিত্র ছিল তিনটি। সংলাপ সাতটি। অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ ও রামিজ রাজু। অনন্ত হিরা বলেন, ‘এর আগেও আমরা চট্টগ্রামে চার দিনের নাট্য উৎসব করে গেছি। চট্টগ্রামের দর্শক নাটক ভালোবাসে এবং এখানকার নাটকের মান বেশ ভালো। যখন কোনো নতুন নাটক করি, তখন চট্টগ্রামের দর্শকদের রায় জানতে আমরা তৃষিত থাকি। তাই এবার আমরা নিজ উদ্যোগেই চট্টগ্রাম এসেছি।’ ঈর্ষা সৈয়দ শামসুল হকের একটি বলিষ্ঠ নাটক। আমি অনেক আগে এর একটি প্রডাকশন দেখেছিলাম। তবে এবার দেখলাম আমাদেরই প্রজন্মের একজনের নির্দেশনায়। এ নাটকের মূল বৈশিষ্ট্য সংলাপে। সবচেয়ে বড় সংলাপটির ব্যাপ্তিকাল ২৬ মিনিট। যা তাঁরা বেশ সাফল্যের সঙ্গেই উপস্থাপন করেছেন। সব মিলিয়ে ভালো লেগেছে।’ কথাগুলো বলছিলেন নাট্যকলা বিভাগের শিক্ষক ও নাট্যনির্দেশক অসীম দাশ।
নাটক শেষে প্রাঙ্গণেমোর নাট্যদলের কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানায় চট্টগ্রামের নাট্যদল মঞ্চমুকুট, নান্দিকার থিয়েটার ইনস্টিটিউট, কথক থিয়েটার ও তির্যক নাট্যদল।