টিআইয়ের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সকালে টিআইয়ের প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি সম্পর্কে দুদকের অবস্থান জানতে সংস্থাটির কমিশনার সাহাবুদ্দিনের কাছে যান সংবাদকর্মীরা। সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টিআইবির পরিসংখ্যান প্রকৃত চিত্রের চেয়ে ভিন্নতর। দুদক তাদের প্রতিবেদনের সঙ্গে একমত নয়।’
দুদকের এই কমিশনার বলেন, ‘প্রকাশিত প্রতিবেদনটি বাস্তবতার নিরিখে গ্রহণযোগ্য নয়। যদিও তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদনটি আমরা এখনো হাতে পাইনি। হাতে পেলেও সেটা গ্রহণযোগ্য হবে বলে মনে করি না।’
দুদক ক্ষমতাসীনদের ছেড়ে দিচ্ছে বলে টিআইবি যে অভিযোগ করেছে, সেটিকে ভিত্তিহীন দাবি করে সাহাবুদ্দিন বলেন, ‘কারও বিরুদ্ধে প্রমাণ না পাওয়ায় অব্যাহতি পাচ্ছেন, এর মানে এই নয় যে দুদক সবাইকে ছেড়ে দিচ্ছে।’ তিনি দাবি করেন, আগের যেকোনো সময়ের তুলনায় এখন দুদক অনেক সক্রিয়। এ কারণে দুর্নীতির পরিমাণও কমে এসেছে।