টিআইয়ের প্রতিবেদনে দুর্নীতির পুরো চিত্র প্রতিফলিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত দুর্নীতিবিষয়ক ধারণাসূচকে বাংলাদেশের দুর্নীতির পুরো চিত্র প্রতিফলিত হয়নি বলে দাবি করেছেন বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা।গতকাল বুধবার দুটি পৃথক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য এম কে আনোয়ার ও নজরুল ইসলাম খান এ কথা বলেন।এম কে আনোয়ার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এবং নজরুল ইসলাম খান যুবদল নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।বিএনপির এ দুই নেতা দাবি করেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দুর্নীতি নির্মূলে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ক্ষমতায় গেলে দুর্নীতি নির্মূলের অঙ্গীকার ছিল সরকারের। কিন্তু তারা টেন্ডারবাজি, সন্ত্রাস, দখলবাজিসহ নানা অপকর্মে যুক্ত হয়েছে।প্রেসক্লাবে লেবার পার্টি আয়োজিত ‘প্রতিহিংসার রাজনীতি ও বিপন্ন মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম কে আনোয়ার বলেন, ‘এ প্রতিবেদনে (টিআইয়ের ধারণাসূচক) দেশের দুর্নীতির প্রকৃত চিত্র প্রকাশিত হয়নি। গ্রামগঞ্জসহ সারা দেশে আরও অনেক দুর্নীতি হয়েছে। এ সরকার দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। তাই আরও খোঁজখবর নিয়ে সদ্য প্রকাশিত রিপোর্ট প্রত্যাহার করে নতুনভাবে দুর্নীতির রিপোর্ট প্রকাশ করা হোক।’জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের সময়ে দুর্নীতির ব্যাপক বিস্তার হয়েছে। এসব দুর্নীতির আংশিক চিত্র প্রতিফলিত হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এ প্রতিবেদন তৈরি হলে দুর্নীতির প্রকৃত রূপ বেরিয়ে আসত। টিআইয়ের ধারণাসূচকটি নির্ধারিত হয়েছে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ধারণার মতামত জরিপ থেকে। বাংলাদেশে অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। মানুষের কোনো কর্মসংস্থান নেই। পাশাপাশি নতুন কোনো বিনিয়োগও নেই। এসব কারণে টিআইয়ের দুর্নীতির এই প্রতিবেদন আংশিক।বিএনপির আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা এ সময় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।