টিআর ও এডিপির বরাদ্দ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ও টেস্ট রিলিফ (টিআর) কর্মসূচির ছয়টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়া অর্থ ও খাদ্যশস্য তুলে নিয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা তা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে তিনটি প্রকল্পের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি।
এডিপির অধীনে একটি পুল নির্মাণের জন্য স্বেচ্ছাসেবক লীগের নেতা হারুন-অর-রশিদের ঠিকাদারি প্রতিষ্ঠানকে তিনবার দেড় লক্ষাধিক টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু তারা পুল নির্মাণ করেনি। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে আসবাব কেনা ও মেরামতকাজের জন্য এডিপি ও টিআরের মাধ্যমে দুবার অর্থ ও খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু এসব কাজের জন্য বরাদ্দ দেওয়া ৫০ হাজার টাকার অর্থ ও পাঁচ টন চাল মেরে দেওয়া হয়েছে। অপর স্বেচ্ছাসেবক লীগের নেতা ইয়ার খানকে ক্লাব নির্মাণের জন্য টিআরের মাধ্যমে বরাদ্দ দেওয়া পাঁচ টন চাল আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে ওই ক্লাবঘরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে এডিপি কর্মসূচির আওতায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরকচুয়া আবদুল হক খানের বাড়ির কাছে খালের ওপর লোহার পুল নির্মাণ প্রকল্পের অধীনে ৬৪ হাজার ৮৫১ টাকা বরাদ্দ দেওয়া হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন-অর-রশিদ খানের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘হারুন কনস্ট্রাকশন’ পুল নির্মাণের কাজটি পায়। কিন্তু ওই প্রতিষ্ঠান কাজটি করেনি। ২০১১-১২ অর্থবছরে ভিন্ন নামে দুলাল সিকদার বাড়ির সামনে খালের ওপর লোহার পুলের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্প দেখিয়ে ওই পুল নির্মাণের জন্য ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়। এবারও কাজ পায় ওই নেতার ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে তাঁরা সেই কাজ শেষ করেনি। ২০১২-১৩ অর্থবছরে একই পুলের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্প দেখিয়ে একই ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়।
কিন্তু সরেজমিনে গিয়ে ওই খালের ওপর লোহার পুল পাওয়া যায়নি। সেখানে লোহার বিমের ওপর কয়েকটি স্ল্যাব দেওয়া আছে, যা দিয়ে এপার থেকে ওপারে যাওয়া ঝুঁকিপূর্ণ। হারুন-অর-রশিদ খান দাবি করেন, ‘যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে সেই পরিমাণই কাজ হয়েছে।’ একই কাজের জন্য তিনবার অর্থ বরাদ্দের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কার্যালয় থেকে জেনে নিন।’
২০১১-১২ অর্থবছরে এডিপির আওতায় উপজেলার চরমিয়াজান রাসেল সঞ্চৃতি সংসদের আসবাব ক্রয় প্রকল্প দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান হারুন কনস্ট্রাকশনের নামে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। আবার ২০১২-১৩ অর্থবছরে টিআরের আওতায় চরমিয়াজান রাসেল সঞ্চৃতি সংসদ মেরামত প্রকল্প দেখিয়ে পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এই কাজ বাস্তবায়নের দায়িত্ব পান হারুন-অর-রশিদ। সরেজমিনে গিয়ে রাসেল স্মৃতি সংসদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আর সেখানে কোনো আসবাবও সরবরাহ করা হয়নি। প্রকল্প কমিটির সভাপতি আলমগীর মাতুব্বর এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। হারুন-অর-রশিদ বলেন, তিনি কাজ করেছেন।
পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে টিআরের আওতায় নাজিরপুর ইউনিয়নে জনতা ক্লাব মেরামত প্রকল্পের নামে পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। প্রকল্প কমিটির সভাপতি করা হয় নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৪ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি মো. ইয়ার খানকে। বাস্তবে ওই ক্লাবের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে ইয়ার খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অফিস থেকে জাইনা নেন।’ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস এম দেলোয়ার হোসেন বলেন, ‘কাজ না করে বরাদ্দ দেওয়া অর্থ কিংবা খাদ্যশস্য আত্মসাৎ করার কোনো সুযোগ নেই।’