টিআর ও কাবিটার টাকা লুটপাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি পৌর এলাকাসহ ১৪টি ইউনিয়নে টিআর ও কাবিটার টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।বিভিন্ন প্রকল্প এলাকার লোকজন সূত্রে জানা গেছে, অধিকাংশ প্রকল্প কাগজে-কলমে থাকলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। কোনো কোনো প্রকল্পে নামমাত্র কাজ করে বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মসিউর রহমান সদস্যসচিব। তাঁদের মাধ্যমে উপজেলার পৌর এলাকাসহ ১৪টি ইউনিয়নে ২০১০-২০১১ অর্থবছরের জন্য প্রথম পর্যায়ে কাজের বিনিময়ে টাকা (কাবিটা-নগদ অর্থ) কর্মসূচির ৩২টি প্রকল্পে ৬০ লাখ টাকা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (টিআর-নগদ অর্থ) কর্মসূচির ৮৬টি প্রকল্পে ৫২ লাখ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ২৮টি প্রকল্পে ২০ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।সরেজমিনে জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও প্রকল্প কমিটির সদস্যরা টিআর ও কাবিটার ১৪৬টি প্রকল্পের কাজ কোনো রকম করে বা না করেই এক কোটি ৩৩ লাখ ২৫ হাজার টাকার অধিকাংশই আত্মসাৎ করেছেন।গতকাল মঙ্গলবার রমজানপুর, বাঁশগাড়ী, আলীনগর ও শিকার মঙ্গল ইউনিয়ন এবং পৌরসভা এলাকার ১২টি প্রকল্পে খোঁজ নিয়ে জানা গেছে, সেগুলোয় কোনো কাজই হয়নি। এর মধ্যে ডিক্রির চর ফাজিল মাদ্রাসায় ৭০ হাজার, রামের হাট মাধ্যমিক বিদ্যালয়ে ৫৫ হাজার, রমজানপুর টেকনিক্যাল ইনস্টিটিউটে ৫৫ হাজার, দক্ষিণ রমজানপুর আবদুল হাই ব্যাপারীবাড়ির কবরস্থানে ৫৫ হাজার ও রমজানপুর বাহাদুর খান জামে মসজিদে ৫৫ হাজার, খাসের হাট ভূঁইমালির বাড়ির লোকনাথ মন্দিরে ৫৫ হাজার, উত্তর কানাইপুর ডিএডি মাদ্রাসায় এক লাখ ১০ হাজার, কীর্তনীয়া কান্দি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে ৫৫ হাজার, পৌর এলাকার শেখ জামাল ক্রীড়া সংসদে এক লাখ ১০ হাজার, উত্তর কৃষ্ণনগর মজিবর কমিশনারের বাড়ির কবরস্থানে ৫৫ হাজার, কালকিনি সৈয়দ আবুল হোসেন পাবলিক লাইব্রেরিতে ৫৫ হাজার টাকা এবং কয়ারিয়া টুকরাকান্দি মসজিদে ৫৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।কালকিনি সৈয়দ আবুল হোসেন পাবলিক লাইব্রেরির সদস্য সুমন শিকদার বলেন, ‘আমাদের লাইব্রেরিটি দীর্ঘদিন জীর্ণ অবস্থায় পড়ে আছে। দরজাই খুলতে পারি না ছয় বছর যাবৎ। বরাদ্দ টাকায় কাজ করলে তো আপনারাই দেখতেন। এক টাকার কাজও করেনি। শুনেছি, সভাপতি আর কারা মিলে যেন ভাগ করে খেয়েছে। এর নাম কাবিটা না হয়ে খাবিটা হওয়া উচিত ছিল। কোথাও কোনো কাজ হয় না, শুধু ভুয়া প্রকল্প।’পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরমান সরদার বলেন, ‘মজিবর কমিশনারের বাড়ির কবরস্থান নামে কোনো কবরস্থান নেই, কাজ করবে কোথায়? মানুষ কবর নিয়াও এমন দুর্নীতি করে! ভাবতেই অবাক লাগে।’কয়ারিয়া টুকরাকান্দি মসজিদের সভাপতি রিপন হাওলাদার বলেন, ‘আমাদের মসজিদের নামে ৫৫ হাজার টাকা যে এসেছে, আমি তা জানতাম না। এখন আপনার কাছে শুনলাম।’মসিউর রহমান বলেন, ‘কয়েকটি প্রকল্পের ব্যাপারে অনিয়মের অভিযোগ পেয়েছি। ১৩ জনকে নোটিশ দেওয়া হয়েছে। শুনেছি, তারা কাজ করছে। না করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়াজ জানান, অনিয়মের ব্যাপারে তদন্ত চলছে। কয়েকজনকে নোটিশ পাঠানো হয়েছে।প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক জানান, কাজ মোটামুটি ভালোই হয়েছে। কিছু কিছু জায়গায় অনিয়মের অভিযোগ এসেছে। সেগুলোর ব্যাপারে তদন্ত চলছে।