টিআর-কাবিখা-কাবিটায় হরিলুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশেরাগঞ্জ সদর উপজেলায় টেস্ট রিলিফ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। কাগজে-কলমে থাকলেও সরেজমিনে বেশির ভাগ প্রকল্পের অস্তিত্ব পাওয়া যায়নি। অধিকাংশ প্রকল্পের টাকা ও খাদ্যশস্য হরিলুট এবং ভাগবাটোয়ারা করে নিয়ে গেছে ক্ষমতাসীন দলের লোকজন।বিভিন্ন সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলায় ২০১০-১১ অর্থবছরের টিআর কর্মসূচির আওতায় স্থানীয় সাংসদ ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের অনুকূলে ৬৬টি প্রকল্পের জন্য ২১ লাখ ২১ হাজার টাকা বরাদ্দ করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, লতিবাবাদ ডাউকিয়া পশ্চিমপাড়া সরকারি গোরস্থানের জন্য ৩০ হাজার টাকা, প্রভাতী যুবসংঘে ৩০ হাজার, লতিবাবাদ যুবকল্যাণ সমবায় সমিতির জন্য ৩০ হাজার, আটপাড়া আবদুর রশিদের বাড়ির হাফিজিয়া মাদ্রাসা ঘর বাবদ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সরেজমিন ঘুরে এসব প্রকল্পের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। মহিনন্দের ভাস্করখিলা বড় মসজিদ উন্নয়নে ৩০ হাজার টাকা, ভাস্করখিলা ঈদগাহ মাঠের মাটি ভরাট বাবদ ৩০ হাজার টাকা, নয়াপাড়া ফকিরবাড়ী পাঞ্জেখানায় ৩০ হাজার টাকা, মহিনন্দ উত্তরপাড়া নূরানী মাদ্রাসা ৩০ হাজার টাকা, ফজর আলী মেম্বারের বাড়ির মক্তব উন্নয়ন বাবদ ৩০ হাজার, মহিনন্দ ভাস্করখিলা মক্তব উন্নয়নে ৩০ হাজার, অগ্নিশিখা ক্রীড়াচক্র উন্নয়নে ৩০ হাজার, নূরজাহান জব্বার ফাউন্ডেশনে ২৫ হাজার, উত্তরপাড়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা উন্নয়নে ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। একই অর্থবছরের কাবিখা কর্মসূচির আওতায় উপজেলা সদরের ৫৮টি প্রকল্পের জন্য ৭১ টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হলেও চরশোলাকিয়া শ্মশানঘাটের উন্নয়ন দুই টন, জাগ্রত যুবসংঘের এক টনসহ বিভিন্ন প্রকল্পে কাজ হয়নি। এ ছাড়া কাবিটার আওতায় ৪০টি প্রকল্পের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও অধিকাংশ প্রকল্প বাস্তবায়ন হয়নি।২০১১-১২ অর্থবছরের কাবিখার আওতায় সদর উপজেলার জন্য বরাদ্দকৃত ২০১ দশমিক ৮৩ টন খাদ্যশস্যের বিপরীতে ৩২টি প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্পে সরকারি বিধি অনুযায়ী প্রকল্পের সুবিধাভোগীদের জন্য পণ্য দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে টাকা। প্রতি শ্রমিককে ৩৪৫ টাকা দেওয়ার বিধান থাকলেও দেওয়া হচ্ছে ১২০ টাকা।কিশোরগঞ্জ নাগরিক অধিকার কমিটির সভাপতি নজরুল ইসলাম জানান, অধিকাংশ প্রকল্পে কোনো কাজ না করেই দলীয় প্রভাবশালী ব্যক্তিরা টাকা ভাগ করে পকেট ভারী করেছেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আওরঙ্গজেব জানান, কাজের অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, গত অর্থবছরে বিভিন্ন প্রকল্পের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর সরেজমিনে তদন্ত করে দেখা যায়, প্রায় ৩০টি প্রকল্পে কোনো কাজ হয়নি। এরপর ৩১ লাখ টাকা ফেরত আনা হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী জানান, কেউ অভিযোগ করলে দায়ীদের বিরুদ্ধে অভিযোগ তদন্তসাপেক্ষে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।