টিআর-কাবিখার চাল কম দামে কেনে একটি চক্র
শরীয়তপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত টিআর ও কাবিখার চাল একটি চক্র কম দামে কিনে নিচ্ছে উপকারভোগীদের কাছ থেকে। খাদ্য বিভাগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের যোগসাজশে এসব চাল বাজারমূল্য থেকে প্রতি টন ১০ হাজার টাকা কম দামে ক্রয় করা হচ্ছে।টাকা কম পেয়ে মাঠপর্যায়ের প্রকল্প বাস্তবায়নকারীরা নির্ধারিত কাজ শেষ করতে পারছেন না। গত ছয় মাসে শরীয়তপুর থেকে এই চক্রটি প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। শরীয়তপুর খাদ্য বিভাগ, ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত শরীয়তপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পে দুই হাজার ৯৮টি প্রকল্পের জন্য তিন হাজার ১৯৭ টন টিআরের চাল বরাদ্দ আসে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৪৩৫টি প্রকল্পের জন্য দুই হাজার ৩৭৬ টন কাবিখার চাল বরাদ্দ দেওয়া হয়। এসব চাল একটি চক্র প্রকল্প কমিটির কাছ থেকে প্রতি টন ১৪ হাজার টাকা করে ক্রয় করেছে, যা বাজারদরের চেয়ে ১০ হাজার টাকা কম। নিয়মানুযায়ী টিআরের বরাদ্দকৃত চালের ৬০ শতাংশ পর্যন্ত বিক্রি করে নগদ অর্থে কাজ করা যাবে। আর কাবিখার চাল বিক্রি করা যায় না, খাদ্যের বিনিময়ে কাজ করাতে হবে। খোঁজ নিয়ে জানা গেছে, শরীয়তপুরের ছয় উপজেলায় ৩০ জনের একটি চক্র টিআর-কাবিখার চাল ক্রয়-বিক্রয় করে থাকে। তাদের সহায়তা করে পিআইও ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়েরর কিছু কর্মকর্তা। তাঁরা প্রকল্প কমিটির লোকজনকে তাঁদের মনোনীত লোকদের কাছে চাল বিক্রির পরামর্শ দেন। তখন বাধ্য হয়েই প্রকল্প কমিটির লোকজন বাজারদরের চেয়ে অনেক কম দামে ওই চক্রের কাছে চালের ডিও বিক্রি করেন। সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গ্রাম চিকন্দীতে ৬০০ মিটার কাঁচা সড়ক উন্নয়নে ১২ টন কাবিখার চাল বরাদ্দ করা হয়েছে। সড়কটির উন্নয়ন-ব্যয় নির্ধারণ করা হয় দুই লাখ ৫০ হাজার টাকা। চাল বিক্রি করে পাওয়া গেছে এক লাখ ৬৮ হাজার টাকা। বাধ্য হয়েই কাজের মান খারাপ করতে হয়েছে। শুধু শৌলপাড়া নয়, এমন চিত্র জেলার কাবিখা ও টিআরের বেশির ভাগ প্রকল্পের।একটি প্রকল্পের সভাপতি বাবুল খান বলেন, পিআইওর কার্যালয়ের পরামর্শে আইনগত ঝামেলা এড়াতে টিআর-কাবিখার চাল ব্যবসায়ীর কাছে চাল বিক্রি করা হয়েছে। তাঁরা প্রতি টন ১৪ হাজার টাকা দাম দিয়েছেন। দাম কম পাওয়ায় প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়নি। টিআর-কাবিখার চালের ব্যবসায়ী নড়িয়ার দুলাল বেপারী বলেন, টিআর-কাবিখার চাল নিজেদের খরচে খাদ্যগুদাম থেকে সংগ্রহ করতে হয়। তা ছাড়া টনপ্রতি দুই হাজার টাকা অফিসে দিতে হয়। এসব কারণে প্রকল্প কমিটি চালের দাম কম পায়। ভেদরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল জব্বার বলেন, টিআর-কাবিখার ডিও প্রকল্প কমিটির লোকজন তাঁদের কাছ থেকে নিয়ে যায়। তারপর তারা কী করে, তা তাঁদের জানা নেই। জেলা খাদ্যনিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী বলেন, খাদ্যগুদামে ডিও জমা দেওয়া হলে চাল সরবরাহ করা হয়। সেই চাল কারা কোথায় নেয়, তা তাঁর জানা নেই। কোনো চক্রের সঙ্গে তাদের যোগসূত্র নেই। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুভাষ চন্দ্র বল বলেন, টিআর-কাবিখার প্রকল্প অনুমোদন হওয়ার পর উপজেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়। এসব প্রকল্পের চাল বাইরে বিক্রি করার কোনো নিয়ম নেই। শ্রমিকদের চাল দিয়েই প্রকল্পের কাজ করাতে হবে।