টিআর কাবিখার চাল দিয়ে আমনের লক্ষ্যমাত্রা পূরণ!
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সাদেকের বিরুদ্ধে টিআর ও কাবিখা প্রকল্পের নিম্নমানের চাল দিয়ে আমন চাল কেনার লক্ষ্যমাত্রা পূরণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, চলতি বছর পাকুন্দিয়া উপজেলায় ১৬৬ মেট্রিক টন সেদ্ধ ও ১২২ মেট্রিক টন আতপ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সরকার প্রতি কেজি সেদ্ধ চাল ২৬ টাকা ও আতপ চাল ২৫ টাকা নির্ধারণ করে সরবরাহকারী চালকলমালিকদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। কিন্তু এ দামে চাল সরবরাহ করতে গিয়ে চালকলমালিকেরা বিপাকে পড়েন। কারণ, বর্তমান বাজারে সেদ্ধ আমন চাল প্রতি কেজি ২৭-২৮ টাকা এবং আতপ চাল ২৬-২৭ টাকা দরে বিক্রি হচ্ছে। এ অবস্থায় অধিকাংশ চুক্তিবদ্ধ চালকলমালিক চাল সরবরাহ থেকে বিরত থাকেন। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, গুদাম কর্মকর্তা কতিপয় অসাধু চালকলমালিকের যোগসাজশে টিআর ও কাবিখা প্রকল্পের নিম্নমানের চালকে সেদ্ধ আমন চাল হিসেবে চালানো হচ্ছে। সেগুলো গুদামে সংরক্ষণ করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালকলমালিক জানান, গুদামে মজুত করা বস্তা খুলে দেখলে আমন চাল হিসেবে নিম্নমানের টিআর ও কাবিখা প্রকল্পের চাল পাওয়া যাবে। পাকুন্দিয়া উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সাদেক জানান, গত মঙ্গলবার পর্যন্ত বরাদ্দ ১৬৬ মেট্রিক টন সেদ্ধ আমন চালের মধ্যে ১৬০ মেট্রিক টন চাল কেনা হয়েছে। তিনি দাবি করেন, কেনা এসব চালের মধ্যে নিম্নমানের টিআর ও কাবিখার চাল নেই। জেলার খাদ্যনিয়ন্ত্রক তপন কুমার দাস অভিযোগ পেয়েছেন উল্লেখ করে বলেন, তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।