টিআর-কাবিখার চালের দর কম সভাপতিরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের চালের বাজারদর নির্ধারিত মূল্যের অর্ধেকের কম। ফলে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে বিপাকে পড়েছেন প্রকল্পের সভাপতিরা।জানা গেছে, চলতি অর্থবছরে উপজেলায় টিআর ও কাবিখা প্রকল্প বাস্তবায়নের জন্য মোট এক হাজার ৯৭১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে টিআর প্রকল্পের জন্য ৯৪৩ মেট্রিক টন এবং কাবিখার জন্য এক হাজার ২৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারিভাবে এসব চাল মেট্রিক টনপ্রতি বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৮০৫ টাকা। মন্ত্রণালয় এ মূল্য নির্ধারণ করেছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে। কিন্তু বাজারে এসব চাল বিক্রি হচ্ছে প্রতি মেট্রিক টন ১৪ থেকে ১৫ হাজার টাকায়। আউচপাড়া ইউনিয়নের ভাসুপাড়া মসজিদের প্রকল্প সভাপতি আফজাল হোসেন জানান, এবার তাঁর মসজিদের জন্য এক মেট্রিক টন টিআর প্রকল্পের চাল দেওয়া হয়েছে। তিনি ১৫ হাজার টাকায় ওই চাল বিক্রি করে কিছু উন্নয়নকাজ করেছেন। কিন্তু প্রকল্পে যে কাজ করার কথা ছিল, তা তিনি করতে পারেননি। সঠিকভাবে তদন্ত হলে তিনি ফেঁসে যাবেন। গনিপুর ইউনিয়নের পোড়াকয়া জামে মসজিদের সভাপতি ইদ্রিস আলী জানান, তাঁর মসজিদের উন্নয়নের জন্য দুই মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি ২৮ হাজার টাকায় সেই চাল বিক্রি করলেও তাঁকে ৬৭ হাজার ৬১০ টাকার বিল দাখিল করতে হয়েছে। সরকারিভাবে চালের দাম নির্ধারণ করে দেওয়ায় তাঁকে ভুয়া বিল দাখিল করতে হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাউদ্দিন জানান, চলতি অর্থবছরে সরকার প্রতি মেট্রিক টন চালের দাম ৩৩ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করে দিয়েছে। তাই ওই পরিমাণ টাকার ভাউচার দাখিল করতে হচ্ছে। এতে তাঁর কিছুই করার নেই বলে জানান তিনি।