টিআর-কাবিখার বখরা নেন ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের বিরুদ্ধে টিআর ও কাবিখা প্রকল্পের কাজে বখরা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব প্রকল্পের গম বা চাল কিনলেই ওসিকে টনপ্রতি ২০০ টাকা দিতে হচ্ছে। তিনি ভয়ভীতি দেখিয়ে খাদ্য ব্যবসায়ীদের কাছ থেকে এই বখরা নিচ্ছেন।
এ ব্যাপারে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রতি টনে পুলিশকে ২০০ টাকা দেওয়ার কথা শুনেছি। তবে এই ঘটনা নতুন নয়। আগে থেকেই টিআর ও কাবিখার কাজের সময় থানা পুলিশ টাকা পেয়ে আসছে।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে মোজাম্মেল হক বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০১৩-১৪ অর্থবছরে টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় এক হাজার ২৮ ও কাবিখার (কাজের বিনিময়ে খাদ্য) ৬২৪ মেট্রিক টন চাল ও গম বরাদ্দ পাওয়া যায়। নিয়ম অনুযায়ী টিআর ও কাবিখা প্রকল্পের কাজের বিপরীতে গম ও চাল বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প চেয়ারম্যানদের সরকারি খাদ্যগুদাম থেকে গম বা চাল উত্তোলন করে কাজ করার কথা। কিন্তু তারা টনপ্রতি মূল্য হিসাব করে বরাদ্দপত্রটি (ডিও) স্থানীয় খাদ্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন৷ পরে সেই টাকা দিয়ে কাজ করেন। আর খাদ্য ব্যবসায়ীরা ডিও কিনে তা সরকারি গুদামে জমা দিয়ে খাদ্যশস্য উত্তোলন করেন।
অভিযোগ আছে, গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর চারজন পুলিশকে পিটিয়ে হত্যাসহ জামায়াত-শিবিরের সহিংসতার ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মোট ৩২টি মামলা হয়। এসব মামলায় এক হাজার ৩৬৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫৮ হাজার ৪৮১ জনকে আসামি দেখানো হয়। বিপুলসংখ্যক অজ্ঞাত আসামি হওয়ার সুবাদে পুলিশ গ্রেপ্তার-বাণিজ্যে জড়িয়ে পড়ে। এ সুযোগে মামলায় জড়ানোর ভয় দেখিয়ে টিআর ও কাবিখার কাজেও বখরা নিচ্ছে পুলিশ। বখরা নেওয়ার বিষয়টি সম্পর্কে স্থানীয়রা জানলেও পুলিশের ভয়ে কেউ কথা বলতে রাজি হননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে সুন্দরগঞ্জ উপজেলা শহরের এক খাদ্য ব্যবসায়ী বলেন, কোন খাদ্য ব্যবসায়ী কত টন গম বা চাল কিনেছেন, সেই হিসাব ওসির কাছে থাকে। তিনি টনপ্রতি হিসাব করে তাঁর মনোনীত লোকের মাধ্যমে বখরা নেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মামলায় জড়ানোর ভয় দেখানো হয়।
একই এলাকার নাম প্রকাশ না করার শর্তে আরেক খাদ্য ব্যবসায়ী বলেন, ‘এসব কাজে পুলিশের বখরা নেওয়ার কথা নয়। কিন্তু কী করব, না দিয়ে উপায় নেই। পুলিশের কাছে আইনের অনেক ধারা আছে। কখন কোন মামলায় জড়ায় কে জানে। তাই পুলিশকে টনপ্রতি ২০০ টাকা দিচ্ছি।’
সুন্দরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘এখানকার ওসি টনপ্রতি ২০০ টাকা করে বখরা নেন, এ কথা শুধু আমি কেন, এলাকার সবাই জানে।’ তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’
চলতি বছরের ১৪ জানুয়ারি মোজাম্মেল হক সুন্দরগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে গ্রেপ্তার-বাণিজ্যে জড়িয়ে পড়েন। সারা দেশে ১০১ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তার-বাণিজ্যের যে অভিযোগ ওঠে, তার মধ্যে মোজাম্মেল হকের নামও রয়েছে।