টিআর কাবিখার ভান্ডার প্রায় শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্যের (কাবিখা) ভান্ডারে তেমন কিছুই অবশিষ্ট নেই। চলতি অর্থবছরের (২০১৩-১৪) প্রথম সাত মাসে ‘নির্বাচনী উন্নয়নে’ টিআর-কাবিখার বরাদ্দ প্রায় শেষ করে ফেলা হয়েছে।
নবম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে তখনকার সাংসদদের নামে এই বরাদ্দ দেওয়া হয়। এ কারণে এই অর্থবছরে দশম সংসদে নির্বাচিত নতুন সাংসদেরা টিআর, কাবিখার প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া এখন পর্যন্ত অনিশ্চিত।
এ অবস্থায় চলতি মৌসুমে, অর্থাৎ আমন ধান ওঠা ও বোরো ধান রোপণের পরবর্তী সময়ে দরিদ্র জনগোষ্ঠীর জন্য টিআর-কাবিখার প্রকল্প সহায়তায় কর্মসৃজন করা খুব কমই সম্ভব হবে। সাধারণভাবে ফেব্রুয়ারি-মার্চ ও মে-জুন মাসে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে টিআর-কাবিখার ছোট ছোট প্রকল্প বাস্তবায়ন করে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের কর্মসংস্থান করা হয়।
জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, টিআর-কাবিখা যে প্রক্রিয়ায় বরাদ্দ ও ব্যয় করা হয়, সেটি সঠিক নয়। এ কারণে মানুষের কখন প্রয়োজন সে বিবেচনা না করেই অর্থবছরের প্রথম ছয় মাসে বা নির্বাচনের আগে এগুলো ব্যয় করে ফেলা হয়। টিআর-কাবিখার মতো প্রকল্প বাস্তবায়িত হওয়া উচিত স্থানীয় সরকারের পরিকল্পনামতো এবং স্থানীয় সরকারের মাধ্যমে। এখানে সাংসদদের কর্তৃত্ব থাকলেই এগুলোর রাজনৈতিক ব্যবহারের আশঙ্কা থেকে যাবে।
খাদ্য মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা ‘নির্বাচনী উন্নয়নে’ টিআর-কাবিখার বরাদ্দ শেষ করে ফেলার ঘটনাকে বিরল অভিহিত করে বলেন, গত পাঁচ বছরে কখনোই এ রকম হয়নি। অতীতে ডিসেম্বরের আগে সাংসদেরা বিশেষ বরাদ্দ পেতেন না। এবার অর্থবছরের প্রথম সাত মাসেই সব বরাদ্দ প্রায় শেষ করে ফেলা হয়। দশম সংসদ নির্বাচন সামনে রেখে বরাদ্দের প্রায় ৮০ ভাগ তুলে নেওয়া হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে টিআর খাতে মোট বরাদ্দ রয়েছে তিন লাখ ৫৫ হাজার ৩০০ মেট্রিক টন খাদ্যশস্য (চাল দুই লাখ চার হাজার ৪০০ টন ও অবশিষ্ট গম)। এর মধ্যে গত ৩১ জানুয়ারি পর্যন্ত তিন লাখ ২৩ হাজার ২৬১ টন তুলে নেওয়া হয়েছে।
কাবিখা খাতে মোট খাদ্যশস্য বরাদ্দ আছে এক লাখ ৭৯ হাজার ৬৪৮ মেট্রিক টন (চাল এক হাজার ১৩ টন, অবশিষ্ট গম)। এর মধ্যে ৬৭ হাজার ৫৮৭ মেট্রিক টন তুলে নেওয়া হয়েছে। এই খাতে এক লাখ টনের বেশি গম থাকলেও সরকার এখন ভাবছে কাবিখা তুলে দিয়ে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) পদ্ধতি চালু করবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে নতুন সাংসদেরা চলতি অর্থবছরে নতুন প্রকল্প তৈরি করে টিআর-কাবিখা খাতে বরাদ্দ খাদ্যশস্য ব্যবহারের খুব কমই সুযোগ পাবেন। খাদ্য মন্ত্রণালয় থেকে গত রোববার জেলা প্রশাসকদের কাছে পাঠানো এক নির্দেশনায়ও বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
জেলা প্রশাসকদের চাওয়া অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সাবেক সাংসদদের অনুমোদিত টিআর-কাবিখার প্রকল্পগুলো অপরিবর্তিত থাকবে। তবে সেগুলোর বাস্তবায়নে সাবেক সাংসদেরা সম্পৃক্ত থাকবেন না। বাস্তবায়ন করবে জেলা ও উপজেলা প্রশাসন।
আর আগের সাংসদের কার্যকালে অনুমোদন করা হলেও মাঠপর্যায়ে যেসব প্রকল্পের কাজ শুরু হয়নি, সেগুলো বর্তমান সাংসদের পরামর্শে আবার অনুমোদন করে বাস্তবায়নের ব্যবস্থা নিতে হবে।
অভিযোগ রয়েছে, টিআর ও কাবিখা প্রকল্পে বরাদ্দ করা খাদ্যশস্যের একটি বড় অংশই প্রকৃত কাজে ব্যবহার করা হয় না। নামে-বেনামে বিভিন্ন প্রকল্প তৈরি করে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এগুলো ভাগ-বাঁটোয়ারা করে নেন। এ কারণে এই খাতের খাদ্যশস্য উত্তোলনের হার বরাদ্দের চেয়েও অনেক বেশি হয়ে থাকে।
২০১২-১৩ অর্থবছরে টিআর খাতে দুই লাখ ৫০ হাজার টন খাদ্যশস্য বরাদ্দ থাকলেও উত্তোলন করা হয় তিন লাখ ১৭ হাজার টন। এর আগের বছরগুলোতেও বরাদ্দের চেয়ে উত্তোলনের হার বেশি ছিল। পরে সংশোধিত বরাদ্দে তা সমন্বয় করা হয়।
টিআর-কাবিখা বরাদ্দ উত্তোলনের এই চিত্রের পাশাপাশি স্বল্প আয়ের গরিব মানুষের জন্য খাদ্য-সহায়তার বরাদ্দ গত ছয় মাসে অনেক কমেছে। এর মধ্যে খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) প্রায় বন্ধই করে রাখা হয়েছে। এই খাতে চার লাখ টন চালের বরাদ্দ থাকলেও গত ছয় মাসে সরবরাহ করা হয়েছে মাত্র ৭৩ হাজার টন। সুলভ মূল্য (ফেয়ার প্রাইস) কার্ডের মাধ্যমে গত পাঁচ বছরে নিম্নবিত্ত মানুষকে খাদ্যশস্য দেওয়া হয়েছে মাত্র মাস তিনেক।