টিআর-কাবিখার ১০০ টন চাল-গম ফেরত যাওয়ার আশঙ্কা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় টেস্ট রিলিফের (টিআর) ৫০ টন ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ৫০ টন চাল-গম ফেরত যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রকল্পের সভাপতি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দ্বন্দ্বের কারণে এসব ফেরত যাচ্ছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, উৎকোচ নিয়ে প্রকল্পের সভাপতি ও পিআইওর দ্বন্দ্বের কারণে টিআর ও কাবিখার ওই ১০০ টন চাল-গম ফেরত যাচ্ছে।মাদারগঞ্জ খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আবদুল কাদের বলেন, ‘আমরা জুন মাসের মধ্যেই সবগুলো প্রকল্পের ডিও লেটার (ছাড়পত্র) হাতে পেয়েছি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যার কিছু প্রকল্পে ত্রুটি পাওয়ার কারণে ছাড়পত্র দিলেও ওই প্রকল্পগুলোর চাল-গম বিতরণ করতে নিষেধ করেছেন।’ ৪ জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, প্রকল্পগুলোর একটা ব্যবস্থা হবেই। তবে পিআইও গোলাম মওলা বলেন, সবগুলো প্রকল্পের ছাড়পত্র অনেক আগেই খাদ্যগুদামে দেওয়া হয়েছে। মাদারগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল মিয়া বলেন, ‘ছাড়পত্র হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রকল্পের সভাপতি-সেক্রেটারিকে প্রকল্পের চাল-গম বিতরণ করে থাকি। তবে সময়ের অভাব বা গাড়ির অভাব থাকলে সে ক্ষেত্রে আমরা পরের দিন বিতরণ করে থাকি। তবে ইউএনওর নির্দেশ না থাকায় ২৮ টন চাল-গম বিতরণ করা হয়নি।’ ইউএনও সামছুল হক প্রকল্পের ছাড়পত্র দেওয়া হয়েছে কি না বলা হলে তিনি বলেন, ‘আপনাকে আমি এ ব্যাপারে কোনো কিছু বলতে পারব না।’