টিআর-কাবিখায় আ.লীগের কমিটি!
জয়পুরহাটের কালাই উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর), রক্ষণাবেক্ষণ (কাবিখা-কাবিটা), ভিজিএফ ও ত্রাণ বিতরণের মতো কার্যক্রম পরিচালনা, তদারকি ও দেখভালের জন্য গঠিত কমিটির অধিকাংশ সদস্যই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। এ কারণে রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গ্রহণ এবং এ কাজে বরাদ্দ করা অর্থ ও খাদ্যশস্য লুটপাটের আশঙ্কা করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় পাঁচটি ইউনিয়ন কমিটিতে মনোনয়ন পাওয়া ৫৫ ও উপজেলা কমিটিতে মনোনয়ন পাওয়া চারজন সদস্যের অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী। উপজেলা কমিটিতে গণ্যমান্য ব্যক্তির কোটায় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার হালিমুল আলম ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম শওকত হাবিব তালুকদার। গণ্যমান্য নারীর কোটায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ইয়াসমিন হোসেন ও শিক্ষকের কোটায় জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ দেওয়ানকে মনোনয়ন দেওয়া হয়েছে।উদয়পুর ইউনিয়ন কমিটিতে গণ্যমান্য ব্যক্তির কোটায় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, সভাপতি আনিছুর রহমানের জামাতা মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছায়েম ফকির, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন ও মাহাতাব উদ্দীন, ইউনিয়ন যুবলীগের নেতা মাজেদুর রহমান মুকুল ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল বারীর ছেলে এনামুল হক। এ ছাড়া গণ্যমান্য নারীর কোটায় ইউনিয়ন কমিটির সদস্য কল্পনা বেগম ও শিক্ষকের কোটায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আলীমকে মনোনয়ন দেওয়া হয়েছে।আহম্মেদাবাদ ইউনিয়ন কমিটিতে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সিনজুনুর রহমান, আনোয়ারুল হক, ছরোয়ার হোসেন, খয়বর আলী, সুভাষ চন্দ্রের স্ত্রী জয়া রানী ও ছাত্রলীগের ফরহাদ হোসেন। জিন্দারপুর ইউনিয়ন কমিটিতে স্থান পেয়েছেন আওয়ামী লীগের রফিকুল ইসলাম, ইউছুব আলী, কৃষক লীগের মোহসীন আলী, স্বেচ্ছাসেবক লীগের আবদুস সবুর চৌধুরী প্রমুখ। পুনট ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের আলতাব হোসেন, নূর মোহাম্মদ ফকির, স্বেচ্ছাসেবক লীগের মবিনুল হক ও আওয়ামী লীগের মনছুর আলী। মাত্রাই ইউনিয়ন কমিটিতে রয়েছেন আওয়ামী লীগের জয়নুল আবেদীন, আবদুল মজিদ, মোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম।জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম বলেন, ‘সরকারি দলের নেতা হলেই কমিটিতে থাকা যাবে না সেটা ঠিক নয়। এটা দোষের কিছু নয়।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘সদস্য মনোনয়ন দিয়েছেন ইউএনও মহোদয়।’ ইউএনও আবদুর রহিম বলেন, ‘কমিটিতে দলীয় লোকজন মনোনয়ন দিতে হয়েছে উপজেলা চেয়ারম্যানের কারণে।’উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, ‘কমিটিতে আওয়ামী লীগের নেতা-কর্মী থাকলেই প্রকল্প দলীয়করণ হবে—এ ধারণা সঠিক নয়। সাধারণ বরাদ্দের প্রকল্পে কোনো লুটপাট হচ্ছে না। তা ছাড়া ইউএনও বেশকিছু বিএনপির লোকজনকেও কমিটির সদস্য মনোনয়ন দিয়েছেন।’সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী বিভাগের সমন্বয়ক সুব্রত কুমার পাল বলেন, সরকারি উন্নয়ন প্রকল্প কমিটিতে সরকারি দলের লোকজনকে সম্পৃক্ত রাখাটা কোনো শুভ লক্ষণ নয়। এতে প্রকল্প গ্রহণে দলীয়করণ ও লুটপাটের আশঙ্কা থাকে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণ্যমান্য ব্যক্তির কোটায় নির্দলীয়, নিরপেক্ষ, সমাজের সব শ্রেণীর মানুষের কাছে শ্রদ্ধার পাত্র এমন মানুষকে মনোনয়ন দিলে কমিটি প্রশ্নবিদ্ধ হতো না।