যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নে গত অর্থবছরে টিআর প্রকল্পে প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কারে ২ লাখ ৭৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে আধা কিলোমিটার রাস্তার কাজ করে সব টাকা তুলে নেওয়া হয়েছে। ইউনিয়নে একটি মন্দির সংস্কারে দেওয়া বরাদ্দের ৪০ হাজার টাকা কাজ না করেই উত্তোলন করা হয়েছে। এভাবে এই উপজেলায় টিআর ও কাবিটা কর্মসূচির ৪৪টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
২০১৫-১৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় এসব প্রকল্প হাতে নেওয়া হয়। ৩০ জুনের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল। তবে সময় শেষ হওয়ায় মাস্টাররোল জমা দিয়ে টাকা তুলে নেওয়া হয়। পরে ১৫ জুলাইয়ের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ করতে বলা হয়। বেশির ভাগ প্রকল্পের সভাপতি হিসেবে ছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
সাগরদাঁড়ি ইউনিয়নে সাগরদাঁড়ি শেখপুরা সবুর ডাক্তারের দোকান থেকে শেখপাড়া ঋষিপাড়া পর্যন্ত রাস্তা সংস্কারে টিআরের ২ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। সরেজমিনে দেখা গেছে, সবুর ডাক্তারের বাড়ি থেকে মজুমদারপাড়া পর্যন্ত রাস্তায় ইট বিছানো হয়েছে। ইউপি সদস্য আবদুস সবুর অভিযোগ করেন, এক কিলোমিটার রাস্তা সংস্কার করার কথা থাকলেও আধা কিলোমিটার সংস্কার করা হয়েছে। প্রকল্পের অর্ধেক টাকাই আত্মসাৎ করা হয়েছে। তবে প্রকল্পটির সভাপতি মন্টু কুন্ড দাবি করেন, ‘যে পরিমাণ রাস্তা সংস্কার করার কথা ছিল, তার চেয়ে বেশি করেছি।’
একই ইউনিয়নের বারুইহাটি পূজামন্দির সংস্কারে ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সরেজমিনে দেখা গেছে, কোনো কাজ করা হয়নি। পাশের কয়েকজন বাসিন্দা বলেন, মন্দির সংস্কার হতে দেখেননি তাঁরা। প্রকল্প সভাপতি শিবুপদ দাস বলেন, ‘বুধবার থেকে কাজ শুরু করেছি। শিগগিরই কাজ শেষ হবে।’
সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম বলেন, ইউনিয়নে কোনো প্রকল্পের কাজই সুষ্ঠুভাবে হয়নি।
পাঁজিয়া ইউনিয়নের পাঁচ বাকাবর্শী দক্ষিণপাড়া জামে মসজিদ সংস্কারে টিআর প্রকল্পে ৪০ হাজার টাকা বরাদ্দ ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। মসজিদ কমিটির সহসভাপতি আবদুল বারিক বলেন, ‘মসজিদের নামে টাকা বরাদ্দ হয়েছে শুনেছি, তবে কাজ হয়নি।’
প্রকল্পের সভাপতি পাঁচ বাকাবর্শী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জমান বলেন, মসজিদে বন্যার পানি উঠে যাওয়ায় কাজ করা সম্ভব হয়নি। কিছুক্ষণ পর তিনি বলেন, ‘মসজিদ কমিটির সভাপতিকে টাকা দিয়ে দিয়েছি।’
পাঁজিয়ার মধ্যপাড়া মিকাইলের বাড়ি থেকে গোলামের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারে টিআর প্রকল্পে ৮৫ হাজার টাকা বরাদ্দ করা হয়। রাস্তার পাশের বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, কিছু সুরকি ফেলা হয়েছিল, তা বৃষ্টিতে ধুয়ে গেছে। সরেজমিনে রাস্তা সংস্কারের নমুনা পাওয়া যায়নি। তবে প্রকল্পের সভাপতি ইউনিয়ন যুবলীগের সদস্য হাবিবুর রহমান দাবি করেন, কাজে কোনো অনিয়ম হয়নি।
পাঁজিয়া ইউপির চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, ‘মসজিদের টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। রাস্তার সংস্কারে অনিয়মের পক্ষে আমি নই।’
কেশবপুর সদর ইউনিয়নের আলতাপোল নন্দ দুলালের বাড়ি থেকে কালীতলা পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য টিআর প্রকল্পে ৮৫ হাজার টাকা বরাদ্দ হয়। অভিযোগ উঠেছে, কালীতলা পর্যন্ত ইট বসানো হয়নি, অর্ধেক কাজ হয়েছে। প্রকল্পের সভাপতি বরুণ কুমার পাল বলেন, কাজের দায়িত্বে ছিলেন ইউপি সদস্য গৌতম কুমার রায়। তিনি বলেন, ‘পুরো কাজ হবে কী করে? পিআইও অফিসসহ বিভিন্ন জায়গায় টাকা দিতে হয়। ১৫০ ফুট রাস্তা করা হয়েছে, ১০০ ফুট বাকি আছে।’
গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা জিন্নাতের বাড়ি থেকে মনির উদ্দীনের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ৮৫ হাজার টাকা বরাদ্দ করা হয়। এলাকাবাসীর অভিযোগ, অর্ধেক কাজ হয়েছে। তবে প্রকল্প সভাপতি এস এম রেজাউল ইসলাম দাবি করেন, ‘৮৫ হাজার টাকায় ৩১০ ফুট রাস্তা করেছি। কোনো অনিয়ম হয়নি।’
ইউনিয়নে অগ্রগামী যুব সংঘে সোলার প্যানেল স্থাপনে ২৯ হাজার ২০০ টাকা বরাদ্দ করা হয়। তবে এই ক্লাবের অস্তিত্বই মেলেনি। প্রকল্পের সভাপতি আহাদ আলী সরদারের মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা যায়নি। ভরত ভায়না ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী বলেন, ভুয়া প্রকল্প দিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে।
প্রকল্প বাস্তবায়নের সময় উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছিলেন বিপুল কুমার মালাকার। বর্তমানে তিনি রাজশাহীর মোহনপুরে কর্মরত। গতকাল রোববার মুঠোফোনে তিনি বলেন, ‘সব প্রকল্প দেখা আমার পক্ষে সম্ভব হয়নি। প্রকল্পের কাজ হয়েছে কি না, সে জন্য সভাপতি দায়ী। পিআইও অফিসে টাকা নেওয়া হয় না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির বলেন, যদি টিআর, কাবিটা প্রকল্পে অনিয়ম হয়, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।