টিআর প্রকল্পের অর্থ ফেরতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় কাজ না করেই টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের অর্থ ও খাদ্যশস্য আত্মসাৎ করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। অভিযুক্ত প্রকল্প চেয়ারম্যানদের কাছ থেকে বরাদ্দের দ্বিগুণ পরিমাণ অর্থ ও খাদ্যশস্য ফেরত নিয়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান গত মঙ্গলবার পীরগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম কিবরিয়াকে পত্র দিয়ে এ নির্দেশ দিয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় ইহসান দরবার শরিফের ঘর নির্মাণকাজে টিআর প্রকল্পের এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।কিন্তু প্রকল্প চেয়ারম্যান ও কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম খান প্রকল্পের কাজ না করেই সমুদয় অর্থ আত্মসাৎ করেন। একই ইউনিয়নের পাঠক শিকড় সর্বজনীন দুর্গামন্দির সংস্কারে টিআর প্রকল্পের দুই মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হলে সেখানেও কোনো কাজ না করেই প্রকল্প চেয়ারম্যান ও কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কল্যাণ চন্দ্র বর্মণ তা আত্মসাৎ করেন। এ ব্যাপারে গত ২৮ জানুয়ারি প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান গত ২৭ মার্চ সরেজমিনে প্রকল্প দুটি তদন্ত করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান গতকাল বুধবার বলেন, ‘প্রথম আলোয় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তদন্ত করে প্রকল্পের অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।’