টিআর প্রকল্পের গম ক্রয়, ব্যবসায়ীসহ তিনজন জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের গম কেনার অপরাধে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও ব্যবসায়ী কাদির মিয়া এবং ট্রাকচালক মোবারক আলী ও হেলপার লিটন মিয়াকে জেলে পাঠানো হয়েছে। গত সোমবার উপজেলার সাদিপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, গমের মালিকানার সঠিক কাগজপত্র না থাকায় তাঁদের আটক করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সাদিপুর ইউপির সাবেক সদস্য কাদির মিয়া বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও চিকিৎসাপ্রতিষ্ঠানের অনুকূলে টেস্ট রিলিফ প্রকল্পের আওতায় বরাদ্দ দেওয়া ২০ টন গম কেনেন। এসব গম সোমবার বিকেলে বিক্রির জন্য সাদিপুর থেকে শ্রীমঙ্গলে নিয়ে যাওয়ার জন্য ট্রাকে ওঠানোর পর ওসমানীনগর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ৪০০ বস্তা (২০ টন) গমভর্তি ট্রাকসহ ট্রাকের চালক মোবারক আলী ও হেলপার লিটন মিয়াকে পুলিশ থানায় নিয়ে আসে। পরে অভিযান চালিয়ে কাদির মিয়াকে আটক করে পুলিশ। কাদির মিয়া পুলিশের কাছে যেসব প্রতিষ্ঠানের অনুকূলে গম উত্তোলনের ডিও লেটার দেওয়া হয়েছিল, সেগুলো দেখানোর পরও পুলিশ ক্রয় করার সত্যতা যাচাই না করে বিশেষ ক্ষমতা আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয় আটককৃতদের।ওসমানীনগর থানার ওসি (তদন্ত) তৈমুর বখত চৌধুরী বলেন, ‘গমের কোনো বৈধ মালিকানার কাগজপত্র না থাকায় আমরা এগুলো আটক করেছি। কার কাছ থেকে কেনা হয়েছে, তা আমাদের দেখার বিষয় নয়। তিনি তা আদালতে প্রমাণ করবেন।’