টিআর প্রকল্পের চালের ভাউচার জমা দিতে মিথ্যার আশ্রয়!
চলতি অর্থবছরে টিআর প্রকল্পের চালের ভাউচার জমা দিতে গিয়ে জয়পুরহাটের কালাই উপজেলার শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটি বিপাকে পড়েছে। বর্তমানে বাজারে প্রতিটন মোটা চালের সর্বোচ্চ দাম ২৫ হাজার টাকা। কিন্তু সরকারি নিয়ম মানতে গিয়ে ভাউচারে প্রতিটন চালের দাম ১৫ হাজার টাকা লিখে তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এই অনৈতিক কাজ করতে গিয়ে মসজিদ, মন্দির ও মাদ্রাসা কমিটির সদস্যরা বিব্রত বোধ করছেন।গত অর্থবছরেও টিআর প্রকল্পের চাল নিয়ে কালাই উপজেলার শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটি সরকারি নিয়ম মানতে গিয়ে বিপাকে পড়েছিল। সে সময় প্রতিটন চালের বাজারমূল্য সর্বোচ্চ ১৫ হাজার টাকা হলেও নিজ নিজ প্রকল্প কমিটিকে ভাউচারে প্রতিটনের দাম ২৯ হাজার টাকা উল্লেখ করে পিআইওর কার্যালয়ে দাখিল করতে হয়েছিল।পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর স্থানীয় সাংসদ গোলাম মোস্তফাকে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন (টিআর) প্রকল্পের আওতায় ১২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। বরাদ্দ পাওয়া এসব চালের বিপরীতে তিনি উপজেলার বিভিন্ন মসজিদ-মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৮০টি প্রকল্প জমা দেন। একইভাবে সাংসদ (সংরক্ষিত আসন) শাহীন মনোয়ারা হক টিআর প্রকল্পের আওতায় ৪০ টন চাল বরাদ্দ পান এবং তিনি ২৭টি প্রকল্প জমা দেন। গত কয়েক দিনে সংশ্লিষ্ট প্রকল্প কমিটিকে চালের সরবরাহ আদেশপত্র (ডিও) দেওয়া হয়। প্রকল্প কমিটিও চাল তুলে নিয়েছে। সরবরাহ আদেশ দেওয়ার সময় সংশ্লিষ্ট প্রকল্প কমিটিকে প্রতিটন চালের দাম ১৫ হাজার টাকা ধরে ব্যয়-ভাউচার দাখিল করার নির্দেশ দেয় পিআইওর কার্যালয়। হাতিয়র দক্ষিণপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি সামছুল আলম খাঁ বলেন, ‘বরাদ্দের এক টন চাল বিক্রি করে পেয়েছি ২০ হাজার টাকা। অথচ সরকারি নিয়ম মানতে ১৫ হাজার টাকার ভাউচার জমা দিতে হবে। একটি ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ নিতে গিয়ে এমন মিথ্যার আশ্রয় নিতে হবে জানলে বরাদ্দই নিতাম না।’বানিহারা হিন্দুপাড়া মন্দির কমিটির সভাপতি উজ্জ্বল মালি বলেন, ‘সব ধর্মই মিথ্যাচারকে এড়িয়ে চলতে বলেছে। অথচ সরকারি নিয়ম রক্ষা করতে গিয়ে ধর্মীয় প্রতিষ্ঠান কমিটিকেই মিথ্যাচারে জড়িয়ে পড়তে হচ্ছে।’পিআইও আবদুল মান্নান বলেন, ‘বর্তমান বাজারে প্রতিটন চালের মূল্য কমপক্ষে ২০ হাজার টাকা। প্রকল্প কমিটিকে ওই টাকারই উন্নয়নকাজ করতে হবে। কিন্তু ত্রাণ অধিদপ্তর থেকে বেঁধে দেওয়া দর অনুযায়ী প্রকল্প কমিটিকে প্রতিটন চালের মূল্য ১৫ হাজার টাকা হিসেবে ভাউচার জমা দিতে হবে। সরকারি গুদামে প্রতিটন চালের দাম ২২ হাজার টাকা নির্ধারণ করলেও ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর তা ১৫ হাজার টাকাই নির্ধারণ করেছে।’