টিআরের কমিটিতে নারী সাংসদের স্বজনদের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির প্রকল্প বাস্তবায়নের কমিটি গঠনে অনিয়ম করে সংরক্ষিত আসনের নারী সাংসদের শ্বশুর ও শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনের নাম রাখা হয়েছে। তাঁরা কমিটির সভাপতি হয়ে প্রকল্পের কাজ সঠিকভাবে করছেন না এবং কেউ কেউ দায়সারা কাজ করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় নড়াইলের সংরক্ষিত আসনের নারী সাংসদ ফজিলাতুন্নেছা ৮৪ মেট্রিক টন চাল বরাদ্দ পান। তিনি টিআর কর্মসূচির বিপরীতে ৫০টি প্রকল্প পিআইওর কার্যালয়ে জমা দেন।পিআইওর কার্যালয়ে জমা দেওয়া প্রকল্পগুলোর বাস্তবায়ন কমিটিগুলো যাচাই করে দেখা গেছে, সাংসদ কালিয়া উপজেলার বাবরা পশ্চিমপাড়া (পুরাতন) জামে মসজিদ সংস্কার প্রকল্পে চার মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন। এ প্রকল্প বাস্তবায়ন করার জন্য গঠিত কমিটির সভাপতি করা হয়েছে সাংসদের শ্বশুর শেখ গোলাম মোস্তফাকে। বাবরা মোল্যা বাড়িসংলগ্ন মসজিদ সংস্কার প্রকল্পে দুই মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রকল্প কমিটির সভাপতিও সাংসদের শ্বশুর। বাবরা ঈদগাহ সংস্কার প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি করা হয়েছে দেবর শেখ মো. আবুল খায়েরকে। বাবরা হাটসংলগ্ন ভঙ্গুর কালভার্ট সংস্কার প্রকল্পের সভাপতি করা হয়েছে আরেক দেবর মো. তরিকুল ইসলামকে। তাঁকে বাবরা নবারুণ যুব সংঘের খেলার মাঠে মাটি ভরাট প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিও করা হয়েছে।মরহুম আলহাজ আবদুল মালেক পঞ্জেগানা মসজিদে সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন প্রকল্পের সভাপতি করা হয়েছে সাংসদের আরেক দেবর মো. নাসির উদ্দীনকে। আবার তাঁকেই মোল্যাবাড়ি কাচারি ঘর থেকে মসজিদ পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পের সভাপতি করা হয়েছে। ননদের স্বামী হারুন অর রশিদকে উড়শী বারইপাড়া রাস্তা সংস্কার প্রকল্পের এবং আরেক ননদের স্বামী শেখ আবুল খায়েরকে বাবরা কবরস্থানে মাটি ভরাট প্রকল্পের সভাপতি করা হয়েছে।বাবরা গ্রামের আবদুল হালিম খান বলেন, প্রকল্প গ্রহণের আগে এলাকার গণ্যমান্য ব্যক্তি, এমনকি ইউপি চেয়ারম্যানের সঙ্গেও কোনো পরামর্শ করা হয়নি। ইউসুফ সিকদার (৬৫) বলেন, টিআর প্রকল্পের মাধ্যমে এলাকার কোনো উন্নয়ন হয়নি। শ্বশুরবাড়ির লোকজনকে সন্তুষ্ট রাখতে বরাদ্দ দেওয়া হয়েছে।বাবরা এলাকার আকবর আলী বলেন, ‘গ্রামের ভঙ্গুর কালভার্টের উত্তর পাশে এক স্থানে ছিদ্র হইছিল। সেহানে কোনো রওমে ইটি-বালু-সিমেন্ট দিয়ে বুজোয় থুইছে। কয় দিন পরই হয়তো ভাঙে যাবেনে। শুনিছি এর জন্যি চার টন চাল দিয়া হইছে।’একই এলাকার আক্তারুজ্জামান খান ও আবুল কাশেম বলেন, এখানে রাসেল সঞ্চৃতি সংসদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু সাংসদ এস এম জাহাঙ্গীর নামের একজন নিকটাত্মীয়কে প্রকল্প সভাপতি করে রাসেল তিন মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন। তাঁরা আরও অভিযোগ করেন, নবারুণ সংঘের মাঠ সংস্কার বাবদ চার মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু মাঠটি স্থানীয় বাবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। সেখানে সামান্য কয়েক ঝুড়ি মাটি ফেলা হয়েছে।মঙ্গলবার সরেজমিন বাবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে দায়সারাভাবে কাজ করার অভিযোগের এবং রাসেল স্মৃতি সংসদ নামের প্রতিষ্ঠানের অস্তিত্ব না থাকার বিষয়ের সত্যতা পাওয়া গেছে।বিছালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বলেন, কালিয়া উপজেলার ১২টি এবং নড়াইল সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে নড়াইল-১ আসন। কিন্তু সাংসদ সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে টিআরের কোনো বরাদ্দ দেননি।বাবরা-হাচলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন বলেন, ‘সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফজিলাতুন্নেছা বাপ্পী এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন এটাই স্বাভাবিক। ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তাঁকে সার্বিক সহযোগিতা করা আমার নৈতিক দায়িত্ব। কিন্তু প্রকল্প গ্রহণের ব্যাপারে আমি কিছুই জানতে পারলাম না।’ সাংসদ ফজিলাতুন্নেছা বলেন, ওই এলাকাটি চরম অবহেলিত এবং উপেক্ষিত মনে হয়েছে। শ্বশুরবাড়ির লোকজনকে প্রকল্প বাস্তবায়ন কমিটিতে রাখার বিষয়ে সাংসদ বলেন, ‘এখানে শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন দেখে বরাদ্দ দেওয়ার কোনো অবকাশ নেই। যাঁরা এ ধরনের কথা বলছেন, তাঁরা আমাকে চিনতে ভুল করেছেন।’ কালিয়ার পিইআইওর অতিরিক্ত দায়িত্ব পাওয়া সদরের পিআইও মো. নজরুল বলেন, বাবরা-হাচলা ইউনিয়নে প্রকল্প দেখতে গেলে অনেক সময় প্রকল্প সভাপতিকে পাওয়া যায় না। ওই এলাকায় কাজ চলছে। এখনো শেষ হয়নি। কাজের মান খারাপ হলে তা সম্পূর্ণভাবে আদায় করে নেওয়ার চেষ্টা করা হবে।