টিআরের কাজ না করেই টাকা আত্মসাৎ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় টেস্ট রিলিফের (টিআর) আওতায় ৩২টি প্রকল্পের কোনো কাজ না করেই বরাদ্দ করা চাল তুলে নিয়ে নেতা-কর্মীরা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব প্রকল্পের মেয়াদ গত ৩০ জুন শেষ হলেও এখনো কাজ হয়নি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজে টিআর প্রকল্পের জন্য দুই সাংসদের অনুকূলে ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এই চালের সরকারি দাম প্রায় ৬৮ লাখ টাকা। এ চাল দিয়ে মসজিদ, মন্দির, কবরস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারসহ রাস্তাঘাটা উন্নয়ন করার কথা।এর মধ্যে জয়পুরহাট-১ আসনের বিএনপিদলীয় সাংসদ মোজাহার আলী প্রধানের অনুকূলে বরাদ্দ করা ১৩০ মেট্রিক টন চালের বিপরীতে ১০৮টি এবং সংরক্ষিত আসনের আওয়ামী লীগের সাংসদ মাহফুজা মণ্ডলের অনুকূলে বরাদ্দ করা ৭০ মেট্রিক টন চালের বিপরীতে ৩৯টি প্রকল্প তৈরি হয়। উভয় সাংসদের ১৪৭টি প্রকল্পের মধ্যে ৩৮টিতে দুই মেট্রিক টন এবং ১০৯টিতে এক টন করে চাল দেওয়া হয়েছে। কিছু চাল ছোটখাটো কাজের জন্য হাতে রাখা হয়।সাংসদ মোজাহার আলী প্রধান বলেন, ‘আমরা বরাদ্দ দেওয়ার মালিক, কাজ দেখাশোনার দায়িত্ব সরকারি কর্মকর্তাদের। ইউএনও এবং পিআইওর যোগসাজশে প্রকল্প সভাপতিরা বরাদ্দ ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন।’সরেজমিনে খোঁজ নিয়ে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১৪৭টি প্রকল্পের মধ্যে ৩৪টি সন্তোষজনক এবং ৮১টি নামমাত্র কাজ হয়েছে। ৩২টি প্রকল্পের কোনো কাজ হয়নি। উভয় সাংসদের পক্ষের স্থানীয় নেতা-কর্মীরা এসব প্রকল্পের বরাদ্দের চাল তুলে সেগুলো বিক্রির টাকা আত্মসাৎ করেছেন।বালিঘাটা ইউনিয়নে একাত্তরের শহীদদের কবরস্থানের নামে দুই মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। সেখানে ওই নামে কোনো কবরস্থান খুঁজে পাওয়া যায়নি। অনুরূপ পাঁচবিবির গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়ন নামের আরেকটি অস্তিত্বহীন সংগঠনের নামে এক মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। ধরন্জী ইউনিয়নে রায়পুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, রতনপুর উচ্চবিদ্যালয়, মোহাম্মদপুর ইউনিয়নের সোনাপাড়া কবরস্থান, রায়গ্রাম পশ্চিমপাড়া ওয়াক্তিয়া মসজিদ ও আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ উচ্চবিদ্যালয়ের নামে দুই মেট্রিক টন করে চাল তোলা হলেও কোনো কাজ হয়নি।রায়পুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রকল্পের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘আমার ভাতিজা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা খবির উদ্দিন আমার কাছ থেকে স্বাক্ষর নিয়েছে। প্রকল্পের কথা কিছুই জানায়নি।’ প্রকল্প সভাপতি খবির উদ্দিন এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।এদিকে করট্রি বাইতুন জামে মসজিদ কমিটির সম্পাদক আবু রায়হান বলেন, ‘কে বা কারা ভুয়া ভাউচার দিয়ে এই মসজিদের চালের টাকা উত্তোলন করেছেন। আমরা কিছুই জানি না।’ পলাশগড় এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার নামে দুই মেট্রিক টন চাল তুলে আট হাজার টাকা দেওয়া হয়েছে।পিআইও মেহেদী হাসান বলেন, ‘দুই সাংসদের সুপারিশে বরাদ্দকৃত উত্তোলন করা হয়েছে। আমার একার পক্ষে সব প্রকল্প ঘুরে দেখা সম্ভব নয়। কেউ যদি দুর্নীতি করে থাকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’সাংসদ মাহফুজা মণ্ডল বলেন, ‘পাঁচবিবিতে টিআর ও কাবিখার কোনো কাজ সঠিকভাবে হয়নি এ খবর আমি জানি। দলের লোকদের সুপারিশে দলীয় লোকদের কাজ দেওয়া হয়েছিল।’