টিআরের কাজে কর্মসংস্থানের শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের অধীন একটি রাস্তায় মাটি ভরাটের কাজ ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের দিয়ে করানোর অভিযোগ পাওয়া গেছে।কাজে নিয়োজিত শ্রমিকদের দাবি, তাঁরা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের (মেম্বর) নির্দেশে ওই রাস্তায় মাটি কাটার কাজ করেছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে টিআর প্রকল্পের আওতায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের বারইপাড়া গ্রামের ‘মহিপুর বিবিটি ভাটার পূর্ব পাশের পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকের রাস্তার মাটি ভরাট’ প্রকল্পে দুই মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। উপজেলা পরিষদের নামে এ গম বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় ইউপি সদস্য রফিকুল আলমকে প্রকল্পের সভাপতি করা হয়।গত বুধবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, ৫০০ ফুট দীর্ঘ মাটির রাস্তার মধ্যে প্রায় ২০০ ফুট মানুষের চলাচলের অনুপযোগী। এই অনুপযোগী রাস্তার ওপরে মাটি ভরাটের কাজ করছেন অতিদরিদ্র মানুষের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির অধীন একটি প্রকল্পের শ্রমিকেরা।পিআই কার্যালয় সূত্রে জানা গেছে, টিআর প্রকল্পের অধীন রাস্তায় যাঁরা কাজ করছেন, তাঁরা সবাই গাড়িদহ ইউনিয়নের কর্মসংস্থান কর্মসূচির ২ নম্বর প্রকল্পের শ্রমিক। তাঁদেরসহ ৭২ জন শ্রমিককে ‘মহিপুর-হাপুনিয়া-হাটগাড়ি-যামুন্না রাস্তা সংস্কার’ প্রকল্পে নিয়োগ দেওয়া হয়েছে।নারী শ্রমিক কাজলী জানান, তিনিসহ ৩২ জন নারী ও পুরুষ শ্রমিক এখানে আট দিন ধরে কাজ করছেন। রানী ও মো. ওহাব নামের দুই শ্রমিক একই কথা জানান। তাঁদের সরদার আশরাফ আলী জানান, ইউপি সদস্য রফিকুল আলম সড়কের মাটি কেটে ভরাট করে দেওয়ার জন্য তাঁদের নির্দেশ দেওয়ায় তাঁরা মাটি কেটেছেন।ওই সড়ক এলাকার স্থায়ী বাসিন্দা শাজাহান আলী জানান, ওই রাস্তায় যে টিআর প্রকল্পের গম বরাদ্দ হয়েছে, তা গ্রামের কেউ জানে না। সড়কে মাটি কেটে ভরাটের যে কাজ করা হয়েছে, তা ৪০ দিনের কর্মসূচির শ্রমিকেরাই করেছেন।গাড়িদহ ইউপির সদস্য রফিকুল আলম জানান, ওই সড়কের টিআর প্রকল্পের আওতায় মাটি ভরাটের কাজ রয়েছে। পাশাপাশি ৪০ দিনের কর্মসূচির শ্রমিকদের দিয়েও একই সড়কের মাটি ভরাটের কাজ করানো হচ্ছে। তিনি টিআর প্রকল্পের দুই মেট্রিক টন গম তুললেও এখনো কাজ শুরু করেননি।৪০ দিনের প্রকল্প কর্মসূচির কাজ তদারক কর্মকর্তা পিআইও কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার বেলাল হোসাইন জানান, এ সংবাদ তাঁর জানা নেই। একই কর্মসূচির তদারকিতে অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসক অরুণাংশ মণ্ডল জানান, এ ঘটনার কথা কেউ তাঁকে জানায়নি।পিআইও শামছুন্নাহার শিউলী জানান, টিআর প্রকল্পের সড়কে ৪০ দিনের কর্মসূচির শ্রমিকদের দিয়ে মাটি কাটার কাজ করানো যাবে না। আর ওই সড়কে যে এভাবে মাটি কাটার কাজ হচ্ছে, তা তিনি জানেন না। একই রাস্তায় কীভাবে সরকারি দুটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, জানতে চাইলে তিনি জানান, তিনি কয়েক দিন আগে এখানে যোগ দিয়েছেন। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।