বরগুনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) টেস্ট রিলিফের (টিআর) গম বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রি করার জন্য জনপ্রতিনিধিদের চাপ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সংশ্লিষ্ট ইউপির নারী সদস্যরা গত বৃহস্পতিবার বিকেলে পিআইও কার্যালয়ে হাজির হয়ে ক্ষোভ প্রকাশ করেন।ইউপি সদস্যদের ক্ষোভের মুখে পিআইও তাঁর কার্যালয় ত্যাগ করেন। তবে পিআইও রণজিৎ কুমার সরকার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা সদর আসনের সাংসদ তাঁর বিশেষ বরাদ্দ থেকে সদর উপজেলার ১০ ইউনিয়নের ৩০ জন নারী ইউপি সদস্যদের মধ্যে ৩০ মেট্রিক টন গম বরাদ্দ দেন। বৃহস্পতিবার দুপুরে এসব গমের বরাদ্দপত্র (ডিও) নেওয়ার জন্য ইউপি সদস্যরা সদর উপজেলা পরিষদে পিআইওর কার্যালয়ে যান। পিআইও রণজিৎ কুমার সরকার বরাদ্দপত্র তাঁদের হাতে না দিয়ে তাঁর (পিআইও) মনোনীত এক ডিলারের কাছ থেকে টনপ্রতি ১৪ হাজার টাকা নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এ সময় ইউপি সদস্যরা টাকা নিতে অস্বীকৃতি জানান।ইউপি সদস্যরা পিআইওর কাছে জানতে চান, বাজারে ২৫ হাজার টাকা টন দরে গম বিক্রি হচ্ছে। সেখানে তাঁদের কেন ১৪ হাজার টাকা দেওয়া হবে? এমন প্রশ্নে পিআইও ক্ষিপ্ত হয়ে যান এবং বাড়াবাড়ি না করে ওই টাকা নিয়ে বরাদ্দপত্রে স্বাক্ষর করার নির্দেশ দেন। এতে ইউপি সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন এবং বরাদ্দপত্র না নিয়ে পিআইওর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। খবর পেয়ে সংবাদমাধ্যমের কর্মীরা সেখানে হাজির হলে পিআইও তাঁর কার্যালয় ত্যাগ করেন।সদর উপজেলার ঢলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খাদিজা বেগম বলেন, ‘বাজারে গমের দাম টনপ্রতি ২৫ হাজার টাকা। সেখানে আমাদের ১৪ হাজার টাকায় গম বিক্রি করতে পিআইও সাহেব চাপ সৃষ্টি করেন। আমরা এতে রাজি না হলে তিনি আমাদের শতভাগ কাজ বুঝে নেওয়ার হুমকি দেন।’বরগুনা সদর ইউপির সদস্য নাসরিন সুলতানা বলেন, পিআইও সাহেব ডিও আটকে দিয়েছেন, এটা অন্যায়। একই অভিযোগ করেন ইউপি সদস্য জাহানারা বেগম, ফারজানা আক্তার, নূর জাহান বেগম, আকলিমা আক্তার, মাজেদা বেগমসহ অনেকে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখব এবং সত্যতা পেলে ব্যবস্থা নেব।’