টিআরের গম বিক্রির টাকা আ.লীগ নেতার পকেটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর) প্রকল্পের বরাদ্দ করা গম বিক্রির টাকা আওয়ামী লীগের এক নেতা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকল্প কমিটির সভাপতিদের কাছ থেকে সই নিয়ে বরাদ্দ করা গম বিক্রির বেশির ভাগই রেখে দিচ্ছেন তিনি।স্থানীয় লোকজনের অভিযোগ ও অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগের কয়েকজন স্থানীয় নেতা বৈঠক করে কোন প্রকল্পে বরাদ্দ কত মেট্রিক টন গম বিক্রির টাকা দেওয়া হবে, তা নির্ধারণ করছেন। বাজারে প্রতি মেট্রিক টন গম ১৭ হাজার টাকায় বিক্রি হলেও বিভিন্ন প্রকল্পে টনপ্রতি এক-দুই হাজার টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে। এতে অবকাঠামো উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও) সূত্রে জানা গেছে, টিআরের অধীনে ২০১০-১১ অর্থবছরে মসজিদ, বিদ্যালয়, মাদ্রাসাসহ ৫২টি প্রকল্পের বিপরীতে ১৮৪ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, জুনের মাঝামাঝি মনপুরা উপজেলার আওয়ামী লীগের চারজন নেতার বৈঠক হয়। তাঁরা হলেন: মনপুরা উপজেলা চেয়ারম্যান নজির আহাম্মদ মিয়া, হাজীরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহরিয়ার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ফারুক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন। বৈঠকে সিদ্ধান্ত হয়, গম যা-ই বরাদ্দ হোক, প্রতিটি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।প্রতিষ্ঠানের সভাপতি ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিদের অভিযোগ হচ্ছে, ওই বৈঠকের পর শাহরিয়ার চৌধুরী প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিদের ডেকে ডেলিভারি অর্ডার শিটসহ অন্য কাগজপত্রে সই নেন। পরে তিনি দুই কিস্তিতে ৫২টি প্রতিষ্ঠানে বরাদ্দ পাওয়া প্রায় ১৮৪ মেট্রিক টন গম ৩১ লাখ টাকায় তজুমদ্দিন উপজেলা গুদাম থেকে বিক্রি করে দেন।উপজেলা প্রকল্প কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নজির আহাম্মদ মিয়া জানান, ওই সভায় শাহরিয়ার চৌধুরীকে প্রতিষ্ঠানগুলোকে টনপ্রতি ১০ হাজার টাকা করে দিতে বলা হয়েছে। বাকি টাকা অন্যান্য খাতে ব্যয়ের জন্য রাখার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত শাহরিয়ার মানেননি। তিনি কাউকে দুই হাজার আবার কাউকে টাকাই দেননি।উপজেলার হাজীরহাট ইউনিয়নের ফ্রেন্ডস ক্লাব উন্নয়নে তিন মেট্রিক টন গম বরাদ্দ হয়। ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, শাহরিয়ার চৌধুরী তাঁদের প্রতি টনে দুই হাজার করে ছয় হাজার টাকা দিতে চেয়েছিলেন। তাঁরা বলেছেন, পুরো টাকা দিতে হবে, না হলে নেবেন না।রিজির খালসংলগ্ন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম জানান, গত জুনের আগে চেয়ারম্যান তাঁদের কাছ থেকে সই নিয়েছেন। পরে তাঁদের ছয় হাজার টাকা দিয়েছেন।আন্দিরপাড় বদিউজ্জামান দাখিল মাদ্রাসার মাঠ ভরাট প্রকল্পের জন্য পাঁচ টন গম বরাদ্দ হয়েছে। ওই মাদ্রাসার সুপার মজিবুল হক জানান, গত জুনে ডেলিভারি অর্ডার শিটে তাঁর সই নেওয়া হয়েছে, কিন্তু তাঁকে কোনো টাকা দেওয়া হয়নি।শাহরিয়ার চৌধুরী গম বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তালিকাভুক্ত প্রতিটি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তাদের প্রাপ্য পুরো টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।পিআইও (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘প্রতিষ্ঠানের নামে যে গম বরাদ্দ হয়েছে, তা জুন ফাইনালের আগে ছেড়ে দিয়েছি। এখন কাজ বুঝে নেব। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী জানান, প্রকল্পের সভাপতিরা কাজ সম্পন্ন হওয়ার আগে বরাদ্দের গম পেয়েছেন বলে সই করেছেন। এরপর কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়। তার পরও বিষয়টি খতিয়ে দেখা হবে।