টিআরের চাল আ.লীগ কর্মীর আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের হাজারবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে বরাদ্দ দেওয়া টেস্ট রিলিফের (টিআর) এক মেট্রিক টন চাল স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের নামে ২০০৯-১০ অর্থবছরে টিআরের এক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ২০১০ সালের জুনে প্রকল্প কমিটির সভাপতি হিসেবে ওই চাল তুলে নেন নজরুল ইসলাম খন্দকার।স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক বলেন, ‘আমাদের স্কুলের নামে এক টন চাল বরাদ্দ হয়। নজরুল এ বিদ্যালয়ের সঙ্গে যুক্ত নন। কিন্তু তিনি নিজে সভাপতি হয়ে সাত সদস্যের একটি প্রকল্প কমিটি করেন। তাতে স্কুলের ব্যবস্থাপনা কমিটির তিনজনকে সদস্য রাখা হয়। তবে ওই চাল বা টাকা আমরা পাইনি। পরবর্তী সময়ে নজরুল বিদ্যালয়ে কিছু ফ্যান কিনে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি তাও রক্ষা করেননি।’ স্কুল পরিচালনা কমিটি চলতি বছরের গত ২০ জুন সভায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী স্কুলের প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছেন। প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন বলেন, ‘আমরা রেজ্যুলেশন করে বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজনীন শামীমা বলেন, যে প্রতিষ্ঠানের নামে টিআর বরাদ্দ হয়, তারা যদি তা না পায়, তবে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ করতে পারে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে যিনি বরাদ্দ তুলেছেন তাঁকে দ্বিগুণ মূল্য ফেরত দিতে হবে।জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান শামসুল হক নজরুল ইসলাম খন্দকারকে আওয়ামী লীগের কর্মী হিসেবে নিশ্চিত করেছেন। স্কুলের নামে বরাদ্দ টিআরের চাল তুলে নেওয়ার কথা স্বীকার করে নজরুল ইসলাম খন্দকার বলেন, ‘আমি টিআরের চাল বিক্রি করে ১৪ হাজার টাকা পেয়েছি। ওই টাকা দিয়ে বিদ্যালয়ের জন্য পাঁচটি ফ্যান কিনে দিতে চেয়েছিলাম। কিন্তু এরই মধ্যে আমি অসুস্থ এবং অর্থনৈতিকভাবে নাজুক অবস্থায় পড়ায় কাজটি করা হয়ে ওঠেনি। আমি তাড়াতাড়িই ফ্যানগুলো কিনে স্কুলে দেব।’